• মঙ্গলবাড়িতে অবৈধ পার্কিং বন্ধ করে দ্রুত সার্ভিস রোড চালুর দাবি
    বর্তমান | ০৪ ফেব্রুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ শহরে যানজট মুক্ত করতে রাজ্য সড়ক সম্প্রসারণ করে দু’দিকে মঙ্গলবাড়ি বিবেকানন্দ মোড় থেকে রেলগেট পর্যন্ত দু’টি সার্ভিস রোড নির্মাণ করে পূর্ত দপ্তর। সেখানে এক বছরের বেশি সময় যানবাহন দাঁড় করিয়ে রাখছেন স্থানীয়রা। শুধু তাই নয়, গ্যারেজগুলিতে যানবাহন রেখে মেরামত করতেও শুরু হয়েছে।ওই সার্ভিস রোড খালি করতে অতীতে পুরসভা মাইকিং করেছিল। না সরলে জরিমানার হুঁশিয়ারিও দেওয়া হয়। তবুও পদক্ষেপ না নেওয়ায় স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের হেলদোল নেই বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে, সার্ভিস রোড চালু না হওয়ায় পূর্ত দপ্তরও অসন্তুষ্ট।দপ্তরের মালদহের জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুধীন বন্দোপাধ্যায় বলেন, আমরা রাস্তা করে দিয়েছি। ওই সার্ভিস রোড এখনই চালু করা যেতে পারে। কিন্তু পার্কিং আমরা ওঠাতে পারি না। অনেকবার পুরসভার চেয়ারম্যানকে বলা হয়েছে। রোড সেফটি মিটিংয়ে বিষয়টি নিয়ে আলোচনা হলেও পুরসভা পদক্ষেপ নিচ্ছে না।পুরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ বলেন, আগের বোর্ডের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান যৌথভাবে ঘটনাস্থলে গিয়ে যানবাহন সরাতে বলে এসেছিলেন। রোড সেফটি মিটিংয়ে তুলে ধরেছিলাম। খতিয়ে দেখা হবে। পুরাতন মালদহ শহরের প্রাণকেন্দ্র মঙ্গলবাড়ি। সেখানে আগে জাতীয় সড়ক  ছিল। বর্তমানে সেটি রাজ্য সড়ক এবং পূর্ত দপ্তরের অধীনে। রাস্তার পাশে একাধিক মার্কেট, কলেজ এবং ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার অফিস রয়েছে। সেজন্য সকালের দিকে ব্যাপক যানজট হয়। চলাচলের সুবিধার জন্য রাজ্য সড়কের রাস্তা সম্প্রসারণ করে দু’টি সার্ভিস রোড এবং নিকাশিনালা করা হয়েছিল। পুরসভার চেয়ারম্যান বলেন, অবৈধ পার্কিং সরানো বিষয়টি ট্রাফিক এবং পুলিশ, প্রশাসন দেখবে।  মালদহের মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু বলেন, আমরা পুরসভার চেয়ারম্যানকে বলেছি রাস্তা ফাঁকা করে দিতে। প্রশাসন পদক্ষেপ নিলে আমরা সবরকম সহযোগিতা করব। মালদহ জেলার ট্রাফিক পুলিশের এক পদস্থ কর্তা অবৈধ পার্কিং সরিয়ে দ্রুত সার্ভিস রোড চালুর আশ্বাস দিয়েছেন।   অবৈধ পার্কিং। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)