• বিজেপি পরিচালিত পঞ্চায়েতে সর্বাধিক ৫৮৩টি বাংলার বাড়ি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ তেহট্ট-১ ব্লকের বাসিন্দাদের
    বর্তমান | ০৪ ফেব্রুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, তেহট্ট : বাংলার বাড়ি প্রকল্পে যোগ্য উপভোক্তারা বাড়ি পেয়েছেন। এই বাড়ি দেওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো রাজনৈতিক ভেদাভেদ ছিল না। এমনটাই বলছেন উপভোক্তারা। তেহট্ট-১ ব্লকে ২,৯১৩ জন দ্বিতীয় দফায় বাংলার বাড়ি গ্রামীণের সুবিধা পাচ্ছেন। এর মধ্যে সব চেয়ে বেশি উপভোক্তা থাকেন বিজেপি পরিচালিত বেতাই-২ পঞ্চায়েতে। এই পঞ্চায়েতে ৫৮৩ জন উপভোক্তা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন।প্রশাসন সুত্রে জানা গিয়েছে, তেহট্ট -১ ব্লকের ১১টি পঞ্চায়েত। এই পঞ্চায়েতগুলিতে তিন পর্যায়ে সরেজমিনে তদন্ত করে উপযুক্ত উপভোক্তাদের নিশ্চিত করে তবে তালিকা বানানো হয়েছিল। এই ব্লকের মধ্যে একটি পঞ্চায়েত তৃণমূলের দখলে। বাকি সব  পঞ্চায়েত বিরোধীদের দখলে। বেতাই – ১ গ্রাম পঞ্চায়েতে উপভোক্তার সংখ্যা ৩৪৫ জন। চাঁদের ঘাট ১১৩, কানাইনগর ২৫৩, ছিটকা ৩৭৯, নাটনা ২১৬, পাথরঘাটা-১  গ্রাম পঞ্চায়েতে ৪১৮, পাথরঘাটা- ২ গ্রাম পঞ্চায়েতে ২৬৫ জন উপভোক্তা বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে ঘর পেয়েছেন। সেখানে তেহট্ট পঞ্চায়েতে ১৭৩ জন এই সুবিধা পেয়েছেন। রাজনৈতিক মহলের মতে, রাজ্য সরকার যে কোনো দল না দেখে যোগ্যদের বাংলার বাড়ির সুবিধা দিয়েছে এই তালিকাই তার বড় প্রমাণ। সব বিরোধী দল পরিচালিত গ্রাম পঞ্চায়েতে এই প্রকল্পের সুবিধা পাওয়া উপভোক্তার সংখ্যা বেশি। এভাবে যোগ্যদের ঘর দেওয়ায় বিধানসভা নির্বাচনে তৃণমূলের সুবিধা হবে বলেই মনে করছেন তাঁরা।  এদিকে, উপভোক্তারা ঘর পেয়ে খুশি। তাঁরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা আশা ছেড়ে দিয়েছিলাম ঘর পাওয়ার। যখন শুনলাম কেন্দ্র সরকার ঘরের টাকা বন্ধ করে দিয়েছে। পরে যখন জানতে পারলাম রাজ্য সরকার টাকা দেবে তখনও মনে আশঙ্কা ছিল। এরপর প্রথম কিস্তির টাকা পাওয়ার পর সেই আশঙ্কা আনন্দে পরিণত হল। এবার টাকাটা সঠিক ভাবে খরচা করে বাড়ি করতে হবে।নাম প্রকাশে অনিছুক এক বিজেপি সমর্থকের কথায়, ভেবেছিলাম ঘরের তালিকা থেকে আমার নাম বাদ দিয়ে দেবে। কিন্তু পরে দেখলাম আমিও টাকা পেয়েছি। রাজ্য সরকার যে দল মত নির্বিশেষে যোগ্যদের তালিকা বানিয়েছে আমার মতো সেটা অনেকেই বুঝেছে। এই জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ।তেহট্ট-১ তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ পোদ্দার বলেন, আমাদের  মা, মাটি, মানুষের  সরকার যোগ্যদের সম্মান দিতে জানে। যাঁরা যোগ্য তাঁরা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। কোনও দল দেখেননি প্রশাসনের আধিকারিকরা।
  • Link to this news (বর্তমান)