• অনুমোদন ছাড়াই নার্সিংহোমে অস্ত্রোপচার, তোলপাড় পুরুলিয়া
    বর্তমান | ০৪ ফেব্রুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, পুরুলিয়া: এখনও নার্সিংহোম শুরুর ছাড়পত্র মেলেনি। তার আগেই অপারেশন করার অভিযোগ উঠল পুরুলিয়া মফস্সল থানার লাগদার এক নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে। অনুমোদন ছাড়াই চুটিয়ে ব্যবসা করছে বলে অভিযোগ। পুরুলিয়া শহরের এক রোগী ওই নার্সিংহোমে গিয়ে প্রতারিত হয়েছেন বলে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে অভিযোগ করেন। ঘটনাটি সামনে আসতেই শোরগোল পড়েছে।পুরুলিয়া শহরের নাপিতপাড়া এলাকার বাসিন্দা রীতা পরামানিক। গত বছর আগস্ট মাসে ওই নার্সিংহোমে তাঁর হার্নিয়া অপারেশন হয়। অপারেশনের চার মাস পর তিনি ফের ব্যথা অনুভব করেন। এরপর অন্য চিকিৎসকের পরামর্শ নিয়ে তিনি জানতে পারেন, হার্নিয়া অপারেশনের পর যে ‘নেট’ লাগানোর কথা ছিল তা হয়নি। তা জানার জন্য রীতাদেবী ওই নার্সিংহোমের গেলে তাঁকে ও পরিবারের লোকজনকে হেনস্তা করা হয় বলে অভিযোগ। তারপরই গোটা বিষয়টি জানিয়ে জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক অশোক বিশ্বাসকে লিখিত অভিযোগ জানান রীতাদেবী।অভিযোগপত্রে তিনি জানান, নার্সিংহোম কর্তৃপক্ষের কাছে বিষয়টি নিয়ে জানতে চাইতে ওরা হেনস্তা করে। পরে অবশ্য কর্তৃপক্ষ টাকা ফেরত দেবে বলেছিল। রীতাদেবীর আত্মীয় মনোজ পরামানিক বলেন, রোগীর চিকিৎসার জন্য এসেছিলাম। ভালো হাসপাতালে পুনরায় যাতে অপারেশনের ব্যবস্থা করা হয় তার দাবি জানাচ্ছি। সেই সঙ্গে যে টাকা খরচ হয়েছিল তাও ফেরত দিতে হবে। ওই অপারেশনের জন্য প্রায় ৩৫ হাজার টাকা খরচ হয়েছিল।জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অশোক বিশ্বাস বলেন, ওই নার্সিংহোম কর্তৃপক্ষ অনুমোদনের জন্য আবেদন করেছিল। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে পরিদর্শন করা হয়। কিন্তু বেশ কিছু ত্রুটি থাকায় অনুমোদন দেওয়া হয়নি। আবার পরিদর্শন করার কথা ছিল। অনুমোদনের আগেই অপারেশন করা সম্পূর্ণ বেআইনি। আইন অনুযায়ী সবকিছু খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নিয়ে নার্সিংহোমের এক কর্মী বলেন, এখানে ১৫ জন কর্মী রয়েছেন। চিকিৎসকরা বাইরে থেকে আসেন।
  • Link to this news (বর্তমান)