• অকারণ চেইন পুলিংয়ে নাজেহাল পূর্ব রেল, কড়া আইনি পদক্ষেপের সিদ্ধান্ত
    বর্তমান | ০৪ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: পূর্ব রেলের একাধিক দূরপাল্লার ট্রেনে সম্প্রতি দেখা দিয়েছে এক অভিনব অথচ গুরুতর সমস্যা। দায়িত্বজ্ঞানহীন কিছু যাত্রী উপযুক্ত কারণ ছাড়াই চেইন টেনে চলন্ত ট্রেন থামিয়ে দিচ্ছে। ক্রমবর্ধমান এই প্রবণতায় বিপাকে পড়ছে রেল কর্তৃপক্ষ। কমে যাচ্ছে ট্রেনের গতি। ব্যাহত হচ্ছে সময়সূচি। ভোগান্তিতে পড়ছেন হাজার হাজার যাত্রী। এসব ক্ষেত্রে জেল ও জরিমানার বিধান থাকলেও সমস্যার স্থায়ী সমাধান এখনও সম্ভব হয়নি বলেই জানাচ্ছে পূর্ব রেল।সূত্রের খবর, সম্প্রতি হাওড়া-বর্ধমান শাখার একাধিক দূরপাল্লার ট্রেনে এই ধরনের ঘটনা বেড়েছে। বিশেষ করে বর্ধমানের আগের কয়েকটি স্টেশনের আশপাশ প্রায় নিয়মিত ঘটছে এই ঘটনা। পূর্ব রেলের হিসেব বলছে, প্রতিদিন গড়ে পাঁচ থেকে ছ’টি চেইন পুলিংয়ের ঘটনা নথিভুক্ত হচ্ছে। কখনও আত্মীয়কে ওঠানোর জন্য, কখনও আবার গন্তব্যের কাছাকাছি জায়গায় নেমে পড়তে এক শ্রেণির যাত্রী এই বেআইনি কাজ করছে বলে অভিযোগ। হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর বলেন, ‘এটি এখন বড়ো সমস্যায় পরিণত হয়েছে। একজন যাত্রীর এমন অসচেতন সিদ্ধান্তের কারণে গোটা ট্রেনের প্রায় দু’হাজার যাত্রীকে দুর্ভোগে পড়তে হচ্ছে। শুধু তাই নয়, একই রুটের পরবর্তী ট্রেনগুলিও দেরিতে চলাচল করছে। একের পর এক ট্রেনের সময়সূচি বদলাতে বাধ্য হচ্ছে রেল। প্রভাব পড়ছে গোটা শাখার চলাচলে।’তাই এবার কড়া অবস্থান নিতে চলেছে পূর্ব রেল। উপযুক্ত কারণ ছাড়াই চেইন পুলিংকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে জেল ও মোটা অঙ্কের জরিমানার পাশাপাশি ‘রিপিট অফেন্ডার’দের ছবি সমাজমাধ্যমে প্রকাশ করা হবে বলে জানিয়েছে রেল। একই সঙ্গে সচেতনতা বাড়াতে দূরপাল্লার ট্রেন ছাড়ার আগে প্রতিটি স্টেশনে আরপিএফ জওয়ানদের মাধ্যমে মাইকে প্রচার চালানো হচ্ছে। যাত্রীরাও মনে করছেন, জরুরি পরিস্থিতি ছাড়া চেইন টানা অনুচিত। রেলের তরফে যাত্রীদের অনুরোধ করা হচ্ছে, ট্রেন ছাড়ার অন্তত আধঘণ্টা আগে স্টেশনে এসে পৌঁছন।
  • Link to this news (বর্তমান)