• ৪ দিনের মধ্যেই লুটের কিনারা করল সন্দেশখালি থানা, গ্রেপ্তার ছয় দুষ্কৃতী
    বর্তমান | ০৪ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত ও সংবাদদাতা, বসিরহাট: ঘটনার চারদিনের মধ্যেই পুলিশ ছয় দুষ্কৃতীকে গ্রেপ্তারের পাশাপাশি উদ্ধার করেছে খোয়া যাওয়া সামগ্রী। লুটপাটের ঘটনাটি ঘটেছিল সন্দেশখালি থানা এলাকার মণিপুরের জয়গোপালপুরে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম নীতীশ মণ্ডল, সঞ্জয় মণ্ডল, পঙ্কজ রায়, কমলেশ মিস্ত্রি, বাপি পাইক ও শুভঙ্কর পাইক। তারা এখন পুলিশ হেপাজতে রয়েছে। মঙ্গলবার এনিয়ে সাংবাদিক সম্মেলন করে গোটা বিষয়টি খোলসা করেন মিনাখাঁর এসডিপিও কৌশিক বসাক। তিনি বলেন, লুটের ঘটনার তদন্তে নেমে বড়সড় সাফল্য পেয়েছে সন্দেশখালি থানা। তারা দ্রুত ঘটনার কিনারা করার পাশাপাশি উদ্ধার করেছে খোয়া যাওয়া সব সামগ্রী।শনিবার জয়গোপালপুরের বাসিন্দা শম্ভুনাথ মণ্ডল সন্দেশখালি থানায় লিখিত অভিযোগে জানান, শুক্রবার রাতে দুষ্কৃতীদের একটি গ্যাং সশস্ত্র অবস্থায় বাড়িতে ঢোকে। পরিবারের সদস্যদের মেরে ফেলার ভয় হুমকি দিয়ে অবাধে লুটপাট চালায় তারা। এমনকি, বাড়ির সবাইকে একটি ঘরে আটকে রাখে দুষ্কৃতীরা। তাঁদের গান পয়েন্টে রেখেই চলে লুটপাট। আলমারি থেকে সোনা ও রুপোর গয়না, নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় গ্যাংয়ের সদস্যরা। এক গৃহবধূ বাধা দিতে গেলে তাঁকে মারধরের পাশাপাশি কান থেকে সোনার দুল পর্যন্ত টান দিয়ে খুলে নেয় তারা। শরীরের একাধিক জায়গায় গুরুতর আঘাত লেগেছে তাঁর। রক্তাক্ত অবস্থায় তিনি চিৎকার করলে আশপাশের মানুষ ছুটে আসেন। সন্দেশখালি থানায় খবর দেওয়া হয়।জানা গিয়েছে, খবর পাওয়ামাত্রই সন্দেশখালি থানার পুলিশ এসে পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করে। বিভিন্ন সূত্র ও প্রযুক্তির সাহায্যে তদন্ত চালিয়ে রবিবার চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করে তারা। জেরা করে আরও দু’জনকে গ্রেপ্তারের পাশাপাশি খোয়া যাওয়া সোনা, রুপোর গয়না সহ বিভিন্ন জিনিস উদ্ধার করা হয়েছে। ধৃত ছ’জন এখন পুলিশ হেপাজতে রয়েছে। তাদের জেরা করে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।
  • Link to this news (বর্তমান)