অনলাইন গেম খেলায় বাধা, আবাসনের ছাদ থেকে ঝাপ দিয়ে আত্মহত্যা তিন নাবালিকা বোনের
বর্তমান | ০৪ ফেব্রুয়ারি ২০২৬
গাজিয়াবাদ: মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল গাজিয়াবাদ শহর। আজকের দিনে বাবা-মায়েদের সবথেকে মাথা ব্যাথার কারণ বিভিন্ন অনলাইন গেমিং অ্যাপ। আর এবার তারই বলি হল গাজিয়াবাদের তিন নাবালিকা বোন। কোরিয়ান গেমিং অ্যাপে গেম খেলা আটকাতে মোবাইল সরিয়ে নেন বাবা-মা। এই ক্ষোভেই মধ্যরাতে গাজিয়াবাদের শালিমার গার্ডেনের ন’তলার আবাসনের ছাদ থেকে ঝাঁপ দেয় তিন নাবালিকা বোন পাখি (১২), প্রাচী (১৪) এবং বিশিকা (১৬) । শালিমার গার্ডেনের সহকারী পুলিশ কমিশনার অতুল কুমার সিং বলেন,‘ঘটনাস্থলে পৌঁছে এবং তদন্ত করে নিশ্চিত হওয়া গিয়েছে যে চেতন কুমারের তিন মেয়ে ভবন থেকে ঝাঁপ দিয়ে মারা গিয়েছে। অ্যাম্বুলেন্সে করে তাদের লোনিতে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।’জানা গিয়েছে, তিন বোন খাওয়া, স্কুলে যাওয়া, ঘুমানো এবং অন্যান্য দৈনন্দিন কাজসহ সবকিছু একসঙ্গেই করত। পুলিশ সূত্রে খৱর, তারা কোভিড-১৯ মহামারীর সময় অনলাইন গেমে আসক্ত হয়ে পড়েছিল এবং একটি অনলাইন টাস্ক-ভিত্তিক কোরিয়ান গেম খেলত। মেয়েদের অনলাইন গেমে আসক্তি বাবা-মায়ের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। সেই গেম খেলা বন্ধ করাতেই এই চরম সিদ্ধান্ত তিন বোনের। পুলিশ তাদের ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। যেখানে বাবা-মাএর কাছে ক্ষমা চেয়েছে তিন বোন। পাশাপাশি আত্মহননের কারণ জানতে তাদের ডায়রি পরতে বলা হয়েছে।