• সুযোগ কাজে লাগিয়ে বঙ্গে তীব্র আন্দোলন চান নিতিন
    আনন্দবাজার | ০৪ ফেব্রুয়ারি ২০২৬
  • ‘অগুনতি সুযোগ’ দিচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার। কিন্তু রাজ্য জুড়ে আন্দোলন দানা না-বাঁধায় সে সব আন্দোলনকে হাতিয়ার করে জনমানসে প্রভাব ফেলতে ব্যর্থ হচ্ছেন পদ্ম নেতৃত্ব। তাই আগামী দিনে রাজ্য জুড়ে আন্দোলনের ঝাঁঝ বাড়ানোর নিদান দিলেন বিজেপির সদ্য-দায়িত্বপ্রাপ্ত সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন।

    আজ বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের দিল্লির বাড়িতে রাজ্যের বিজেপি সাংসদদের নিয়ে বৈঠকে বসেছিলেন নিতিন। সূত্রের মতে, এ দিনের বৈঠকে বঙ্গের সাংসদেরা নিজেদের রিপোর্ট কার্ড পেশ করেন। নিজেদের এলাকার সমস্যা এবং সেগুলির সমাধানে তাঁরা নিজেরা কতটা সক্রিয়, তার বিবরণ তুলে ধরেন। এর পাশাপাশি দলীয় সাংসদদের লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভাগুলিতে বিজেপির জেতার সম্ভাবনা, বুথের শক্তি নিয়েও আলোচনা হয়। সূত্রের মতে, বৈঠকে ‘রাজ্য জুড়ে তৃণমূলের অপশাসন, দুর্নীতি, নৈরাজ্যের বিরুদ্ধে’ আরও বেশি করে আন্দোলনে নামার উপরে জোর দিয়েছেন নিতিন।

    বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের মনে করছেন, পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের বিরুদ্ধে শিক্ষা, স্বাস্থ্য, রেশন-সহ প্রায় সব ক্ষেত্রেই দুর্নীতির অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা তলানিতে। তাই এই বিষয়গুলিকে হাতিয়ার করে আগামী দিনে আরও তেড়েফুঁড়ে আন্দোলনে নামার জন্য বিজেপির বঙ্গ নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে। নিতিনের পরামর্শ, তীব্র আন্দোলন না-হলে সরকার পাল্টানো সম্ভব নয়। সরকারের ব্যর্থতাবোঝাতে তাই পথে নামতে হবে সমস্ত বিজেপি কর্মীকে।

    একই সঙ্গে, বড় সভার বদলে পাড়ায় পাড়ায় ছোট-ছোট সভা করে মানুষের কাছে পৌঁছনোর পরামর্শ দেওয়া হয়েছে রাজ্যের বিজেপি সাংসদদের। দিল্লিতে আম আদমি পার্টিকে হারাতে প্রতিটি মহল্লাতে প্রায় রোজ সভা করে সরকারের ব্যর্থতা ও নেতিবাচক দিকগুলিতুলে ধরতেন গেরুয়া শিবিরের সদস্যেরা। সেই মডেল মেনে পশ্চিমবঙ্গেও পাড়ায়-পাড়ায় ছোট-ছোট সভা করে তৃণমূল স্তরে মানুষের কাছে পৌঁছনোর পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় প্রকল্পের সুফল পাচ্ছেন, এমন উপভোক্তাদের চিহ্নিত করে তাঁদের মাধ্যমে কেন্দ্রীয় প্রকল্পের প্রচারের উপরে জোর দিয়েছে দল। ওই সব উপকৃত উপভোক্তাদের জনসভায় উপস্থিত করে তাঁদের অভিজ্ঞতা মানুষের সঙ্গে ভাগ করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)