• গ্রামে হাতির তাণ্ডব, 'ঐরাবত'-এ চেপে কেন্দ্রে পরীক্ষার্থীরা
    এই সময় | ০৪ ফেব্রুয়ারি ২০২৬
  • এই সময়, বাঁকুড়া: ভোরের আলো ফুটতেই আতঙ্কের আবহ নারায়ণপুর গ্রামে। দলছুট এক হাতি তাণ্ডব করে বেড়াচ্ছে। গজরাজের ভয়ে স্তব্ধ হয়ে গিয়েছে জনজীবন। এ বার কী হবে? তবে দিনের শেষে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে গ্রামবাসীর। বন দপ্তরের কর্মীরা সেই হাতিকে জঙ্গলে ফেরত পাঠিয়েছে। নারায়ণপুর গ্রামের বাসিন্দা বাপ্পা রায় জানাচ্ছেন, সকাল আটটা নাগাদ লোকালয়ের ভিতরে ঢুকে পড়ে একটি হাতি। সেই খবরে তৈরি হয় প্রবল আতঙ্ক। এক দিকে মাধ্যমিক পরীক্ষার্থীদের ঠিক সময়ে কেন্দ্রে পৌঁছতে হবে, অন্য দিকে রয়েছে নিত্যদিনের কাজ।

    কিন্তু দামাল হাতিকে এড়িয়ে তা কী করে সম্ভব! নারায়ণপুর-সহ আশপাশের মানুষ ভয়ে নিজেদের ঘরবন্দি করে ফেলেন। তবে পুলিশ প্রশাসন এবং বন দপ্তরের আধিকারিকরা পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেয়। পাত্রসায়র রেঞ্জের রেঞ্জার মহিবুল ইসলাম জানাচ্ছেন, ইন্দাকাটা বীট থেকে ইন্দাকাটা বীট থেকে নারায়ণপুর গ্রামের রাধাবাজার, মুড়াপাড়া, কাঁঠালঘাটা, পোস্ট অফিসের দিক থেকে হাতিটি ঢুকে পড়ে হদলনারায়ণপুরে। সেই পথেই পড়ে রামপুর। সেই গ্রামের বাসিন্দা গণেশ বিশ্বাসের ছেলের বিয়ে উপলক্ষে প্যান্ডেল তৈরি হয়েছিল। হাতিটি সেই প্যান্ডেল ভেঙে দিয়েছে। নারায়ণপুর গ্রামে দু'টি মোটরবাইক, দু'টি সাইকেলও ভাঙচুর করে।

    একটি মোটর ইঞ্জিন ভ্যান উল্টে দেয়। হাতির আক্রমণে প্রাণ হারায় একটি বাছুর। ওই মত্ত হাতির তাণ্ডবে আলু খেতের জমি তছনছ হয়েছে। গ্রামের অনেক মানুষ আবার সেই হাতিকে দেখতে ভিড় করেন। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। শেষ পর্যন্ত বনকর্মীরা সকাল সাড়ে ১১টা নাগাদ হাতিটিকে সোনামুখী কাশীপুর জঙ্গলের দিকে নিয়ে যায়। হাতি অধ্যুষিত জঙ্গল সংলগ্ন এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য জেলা প্রশাসন থেকে গাড়ির ব্যবস্থা করলেও তা করা হলেও উত্তর বাঁকুড়া বনবিভাগের বড়জোড়া রেঞ্জের শীতলা বীটের বনশোল, পাবয়া, কালপাইনি, ডাকাইসিনি অঞ্চলে ঢুকতে পারে না।

    সেই কারণে বন বিভাগের বিশেষগাড়ি 'ঐরাবত' পরীক্ষার্থীদের জন্য নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। তবে আচমকা হাতির তাণ্ডব শুরু হলেও পিয়া রায়, বাসন্তী রায়ের মতো পরীক্ষার্থীরা উদ্বিগ্ন হয়নি। তারা বলছে, 'ঐরাবত গাড়ি দেওয়া হয়। আমরা এখান থেকে মোট পাঁচ জন পরীক্ষা দিচ্ছি। বাকি দু'জন মোটরবাইকে গিয়েছে।'

  • Link to this news (এই সময়)