• মাঝ আকাশে ফ্লাইটের ইঞ্জিনে আগুন, জরুরি অবতরণ কলকাতা বিমানবন্দরে
    এই সময় | ০৪ ফেব্রুয়ারি ২০২৬
  • মাঝ আকাশে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে আগুন আতঙ্ক। যার জেরে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ২৩৬ জন যাত্রী নিয়ে নেপালের কাঠমান্ডু থেকে ইস্তাম্বুলের দিকে যাচ্ছিল তুর্কিশ এয়ারলাইন্সের ওই ফ্লাইট। সূত্রের খবর, মাঝ আকাশে বিমানের ডানদিকের ইঞ্জিনে হঠাৎই আগুন লেগে যায়। তবে পাইলটের তৎপরতায় বড় ধরণের বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

    নেপাল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAN) জানিয়েছেন, ওই ফ্লাইট দুপুর ১টা ২৯ মিনিটে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেকঅফ করে। ওড়ার কিছু সময় পরেই বিমানের একটি ইঞ্জিনে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। পাইলট তৎক্ষণাৎ কাঠমান্ডু এয়ার ট্র্যাফিক কন্ট্রোলে পুরো বিষয়টি জানান। এর পর ফ্লাইটটি বেশ কিছুক্ষণ ধরে ধডিং জেলার উপর চক্কর কাটছিল। সেই সময়ে একটি ইঞ্জিনের সাহায্যেই ফ্লাইটটি আকাশে উড়ছিল। এরই মধ্যে বিমানের ইঞ্জিন থেকে আগুনের ফুলকিও দেখা যায়।

    পাইলট এবং বিমানের কর্মীরা সিদ্ধান্ত নেন, ওই পরিস্থিতিতে দীর্ঘ পথ পাড়ি দেওয়া নিরাপদ হবে না। কিন্তু পাইলটের পক্ষে কাঠমান্ডু বা ভৈরহাওয়া বিমানবন্দরে ফিরে যাওয়াও সম্ভব ছিল না। সেই কারণে পাইলট ফ্লাইটটিকে কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।

    ওই ফ্লাইটে ১১জন কর্মী-সহ ২৩৬জন যাত্রী ছিলেন। কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, তাঁদের অনুমতি পেয়ে বিমানটি নিরাপদেই রানওয়েতে অবতরণ করেছে। যাত্রীরাও সকলে নিরাপদে রয়েছেন। কলকাতা বিমানবন্দরের কর্মীরা ফ্লাইটের যান্ত্রিক ত্রুটি খতিয়ে দেখছেন।

  • Link to this news (এই সময়)