• সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী, প্রশংসায় পঞ্চমুখ কেষ্ট
    আজকাল | ০৪ ফেব্রুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: এসআইআর মামলাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়ালকে ঘিরে তাৎপর্যপূর্ণ প্রতিক্রিয়া দিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের জেলা কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল। এসআইআর নিয়ে রাজ্য রাজনীতিতে যখন উত্তেজনা বাড়ছে, ঠিক সেই সময় মুখ্যমন্ত্রীর সুপ্রিম কোর্টে সরাসরি উপস্থিত হয়ে বক্তব্য পেশ করা, রাজনৈতিক মহলে বিশেষ গুরুত্ব পেয়েছে। এই প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রীর পদক্ষেপকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন অনুব্রত মণ্ডল।

    সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী হিসেবে লড়াইয়ের বিষয়ে বীরভূম জেলা কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল বলেন: "এটা একটা ঐতিহাসিক ব্যাপার যে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে মুভ করেছে, বাংলার মানুষের জন্য, এসআইআরের জন্য। বাংলার মানুষ দেখছে এসআইআরের বিরুদ্ধে কে লড়াই করছে। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ই লড়াই করছে"।

    প্রসঙ্গত, বুধবার দেশের বিচারব্যবস্থার ইতিহাসে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল সুপ্রিম কোর্ট। এসআইআর মামলার শুনানিতে দেশের সর্বোচ্চ আদালতে সওয়াল করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুর ১টার পর মামলার শুনানি শুরু হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। তিন বিচারপতির কাছে পাঁচ মিনিট বক্তব্য পেশ করার জন্য আবেদন জানান মুখ্যমন্ত্রী।

    মামলার শুনানির শুরুতেই মুখ্যমন্ত্রী জানান, তিনি পশ্চিমবঙ্গ থেকে এসে গোটা পরিস্থিতির ব্যাখ্যা করতে চান এবং এসআইআর-এর নামে কী চলছে তা তুলে ধরার জন্য সময় চান। তাঁর অভিযোগ, জাতীয় নির্বাচন কমিশনকে ছ’বার চিঠি দেওয়া হলেও কোনও উত্তর পাওয়া যায়নি। মুখ্যমন্ত্রী দাবি করেন, বিয়ের পর পদবি পরিবর্তনের মতো কারণ দেখিয়ে বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। তাঁর বক্তব্য অনুযায়ী, এই লড়াই কোনও রাজনৈতিক দলের জন্য নয়, বরং রাজ্যের সাধারণ মানুষের অধিকার রক্ষার জন্য।

    মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, বিজেপি শাসিত রাজ্য থেকে মাইক্রো অবজারভার নিয়ে আসা হয়েছে এবং তাঁরাই ভোটার তালিকা থেকে নাম বাদ দিচ্ছেন। তাঁর দাবি, প্রায় ৫৮ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে এবং তাঁদের মধ্যে অনেকেই জীবিত রয়েছেন। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, অসমে কেন এসআইআর প্রক্রিয়া চালু করা হয়নি এবং দীর্ঘ ২৪ বছর পর হঠাৎ ভোটের আগে বাংলায় এই প্রক্রিয়া কেন শুরু করা হলো।

    সওয়ালের সময় মুখ্যমন্ত্রী জানান, তাঁর কাছে কিছু ছবি রয়েছে এবং সেগুলি আদালতে দেখানোর অনুমতি চেয়েছেন। এছাড়াও তিনি অভিযোগ করেন, আধার কার্ড গ্রহণ করার কথা বলা হলেও তা নেওয়া হয়নি এবং অন্য নথি চাওয়া হয়েছে। পুরো প্রক্রিয়ার মধ্যে ইতিমধ্যেই ১০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। সওয়ালের শেষে তিনি আদালতের কাছে মানুষের অধিকার রক্ষার আবেদন জানান। এসআইআর মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার হওয়ার কথা রয়েছে।

    উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই বীরভূম জেলার ইলামবাজার, সিউড়ি, নলহাটি ও রামপুরহাট সহ বিভিন্ন এলাকায় বহু মানুষের মৃত্যুর খবর সামনে এসেছে বলে দাবি উঠেছে। শাসকদলের অভিযোগ, এই প্রক্রিয়ায় সাধারণ মানুষ অযথা হয়রানির শিকার হচ্ছেন। সেই প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রীর সুপ্রিম কোর্টে সওয়াল এবং অনুব্রত মণ্ডলের প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা তৈরি করেছে।

     
  • Link to this news (আজকাল)