• শান্ত মণিপুর, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইউমনাম
    এই সময় | ০৪ ফেব্রুয়ারি ২০২৬
  • Big Breaking: আগের তুলনায় পরিস্থিতি এখন শান্ত। রাষ্ট্রপতি শাসন প্রত্যাহার করে নেওয়া হয়েছে। অবশেষে মণিপুরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইউমনাম খেমচাঁদ সিং। বুধবার সন্ধ্যা ৬টায় লোকভবনে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল অজয় ভাল্লা।

    গতকাল অর্থাৎ মঙ্গলবার ৪৫ জন বিধায়ক ইউমনামকে দলনেতা হিসেবে নির্বাচিত করেন। তখনই তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্রের খবর, ইউমনাম মেইতেই সম্প্রদায়ের প্রতিনিধি। ক্ষমতা ভাগাভাগির সূত্র মেনে কুকি সম্প্রদায়ের নেমচা কিপগেনকে উপমুখ্যমন্ত্রী করা হচ্ছে। তিনিই হবেন মণিপুরের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন গোবিন্দাস কন্থৌজাম। তবে তাঁরা কবে শপথ নেবেন তা এখনও জানা যায়নি।

    সূত্রের খবর, দু’জন উপমুখ্যমন্ত্রী থাকবেন মণিপুরে। বিজেপির শরিক নাগা পিপলস ফ্রন্টের একজনকে এই পদে বসানো হতে পারে বলে জানা গিয়েছে। তবে আর এক উপমুখ্যমন্ত্রী কাকে করা হবে, তা এখনও ঠিক হয়নি।

    ২০২৩-এ জাতিগত হিংসায় উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর। মেইতেই এবং কুকি সম্প্রদায়ের সংঘর্ষে এখনও পর্যন্ত ২৫০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ৬০ হাজারের বেশি মানুষ ঘরছাড়া। হিংসা সামলাতে ব্যর্থ হওয়ার মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন এন বীরেন সিং। তার পরেই রাষ্ট্রপতি শাসন জারি করে কেন্দ্রীয় সরকার।

    গত দুই বছরে পরিস্থিতি বদলেছে। মণিপুর এখন আগের তুলনায় অনেক শান্ত বলেই দাবি কেন্দ্র সরকারের। তার পরেই গতকাল রাষ্ট্রপতি শাসন প্রত্যাহার করে নেওয়া হয়। ইউমনামকে নির্বাচিত করা হয় মুখ্যমন্ত্রী হিসেবে। ২০২২-এর বিধানসভা ভোটে ৬০টি আসনের মধ্যে ৩২টি আসনে জিতেছিল বিজেপি। ফলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা তাদের রয়েছে।

    আগামী বছর অর্থাৎ ২০২৭-এ বিধানসভা ভোট হবে মণিপুরে। ক্রমাগত হিংসার ঘটনায় চাপে রয়েছে বিজেপি সরকার। তবে এ বার উন্নয়নের রাজনীতিতেই সওয়ার হয়ে উত্তর-পূর্বে ঘুরে দাঁড়াতে চাইছে পদ্মশিবির। কুকি, মেইতেই, নাগা-সহ সব সম্প্রদায়কে সঙ্গে নিয়ে এগোনোর বার্তা দিয়েছেন ইউমনামও।

  • Link to this news (এই সময়)