• যৌথ বাহিনীর অপারেশন কিয়া, উধমপুরে খতম ২ জয়েশ জঙ্গি
    বর্তমান | ০৫ ফেব্রুয়ারি ২০২৬
  • বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: কোডনেম কিয়া। বুধবার জম্মু-কাশ্মীরের উধমপুরে সেনার এই অপারেশনে খতম দুই জয়েশ জঙ্গি। মৃতদের মধ্যে একজন জয়েশ-ই-মহম্মদের শীর্ষ কমান্ডার। নাম মাভি। তার বাড়ি পাকিস্তানে। এরইমাঝে এদিন কিস্তওয়ারের ছতরু এলাকায় ফের যৌথ বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয়েছে। তবে এপর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।গোপন সূত্রের ভিত্তিতে জয়েশ জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পায় জম্মু ও কাশ্মীর পুলিশ। জানা যায়, উধমপুরের বসন্তগড় এলাকায় গা ঢাকা দিয়েছে তারা। সেইসূত্রেই ৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার শুরু হয় অপারেশন। রাতভর বসন্তগড়ের জোফার জঙ্গলে চলে তল্লাশি। যৌথ অভিযানে নামে জম্মু-কাশ্মীর পুলিশ, সিআইএফ ডেল্টা, ভারতীয় সেনার এলিট ইউনিট হোয়াইট নাইট কর্পস ও সিআরপিএফ। জঙ্গিদের গতিবিধিতে নজর রাখতে জঙ্গলের নানা প্রান্তে টহল দেয় ক্যামেরা লাগানো স্নিফার ডগ।  রাতের দিকে নিরাপত্তাবাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা গুলি চালায় বাহিনী। পাহাড়-জঙ্গলের মধ্যে এক গুহার ভিতরে লুকিয়েছিল জঙ্গিরা। কাছাকাছি পৌঁছে ওই গুহার মুখে রকেট-প্রপেলড গ্রেনেড ছোড়ে নিরাপত্তাবাহিনী। এতেই মৃত্যু হয় দু’জনের। এদের মধ্যে একজন জয়েশের শীর্ষ কমান্ডার। এক্স হ্যান্ডলে হোয়াইট নাইট কর্পসের তরফে বলা হয়েছে, মঙ্গলবার রাতেই জঙ্গিদের হদিশ মেলে। তারপর সুপরিকল্পিত অভিযানের মধ্য দিয়ে দু’জনকে খতম করা হয়েছে। এলাকায় তল্লাশি অব্যাহত রয়েছে। সূত্রের খবর, ওই জঙ্গিরা কয়েকমাস ধরেই বসন্তগড়ের আশপাশে ঘুরে বেড়াচ্ছিল। পাকাপাকিভাবে একটি ঘাঁটি গড়ার চেষ্টায় ছিল তারা। সব পরিকল্পনা ভেস্তে দিল সেনা। আজই জম্মু-কাশ্মীরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উপত্যকার নিরাপত্তা বিষয়ক পর্যালোচনা বৈঠকে যোগ দেবেন তিনি। তার আগেই বড়োসড় সাফল্য বাহিনীর।
  • Link to this news (বর্তমান)