• ব্রাউন সুগার সহ শিলিগুড়িতে ধৃত মা-মেয়ে, চাঞ্চল্য
    বর্তমান | ০৫ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: পুলিশের নজরদারি এড়াতে এবারে মাদক পাচারকারীদের টার্গেটে মহিলারা। সাধারণত পুলিশের নজরে আসার আগেই মহিলারা পাচারের কাজ সেরে ফেলছে। সাম্প্রতিককালে এমনকিছু ঘটনা বারবার সামনে এসেছে। মাদক সহ একাধিক মহিলা পুলিশের জালে ধরাও পড়ছে। মাদক পাচারের সঙ্গে সক্রিয়াভাবে জড়িত থাকার অভিযোগে বুধবার মা ও মেয়েকে গ্রেপ্তার করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ ও আশিঘর ফাঁড়ির পুলিশ।পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম অঞ্জু দাস ও শুক্লা দাস। অঞ্জুর মেয়ে শুক্লা। তাদের বাড়ি পাপিয়াপাড়ায়। তদন্তকারী অফিসারদের সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার একই বাড়িতেই থাকত দুই অভিযুক্ত। কিছুদিন ধরে বিকেল হতেই বহিরাগত যুবক-যুবতীদের ভিড় হচ্ছিল পড়ায়। ব্রাউন সুগার থেকে দেশি মদ সবকিছুই ওই মা-মেয়ের কাজে পাওয়া যেত। এনিয়ে সম্প্রতি থানায় অভিযোগ জমা হতেই পুলিশ অভিযুক্তদের হাতেনাতে ধরতে ওত পেতে থাকে। বুধবার দুপুরে বাড়িতে হানা দেয় এসওজি ও আশিঘর ফাঁড়ির পুলিশ। বাড়ির একটি আলমারির ভিতরে গোপন চেম্বার থেকে প্রায় ২০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। পাওয়া যায় নগদ ১০ হাজার টাকা। বাড়ির আনাচে-কানাচে মদের ফাঁকা বোতল থেকে শুরু করে একাধিক ধরনের নেশার সামগ্রী পাওয়া যায়। যদিও পুলিশ জানিয়েছে, গোটা বাড়িতে তল্লাশি করা হলেও আর কিছু এদিন পাওয়া যায়নি।তবে পুলিশের একাংশের দাবি, অঞ্জু দাসের ছেলে আগে ওই এলাকায় মাদক সামগ্রী বিক্রি করত। তবে কয়েকমাস আগে একটি পথ দুর্ঘটনায় তার মৃত্যু হয়। এরপর থেকেই অল্প অল্প করে এই ব্যবসায় হাত পাকাতে শুরু করে অঞ্জু ও তার মেয়ে। উল্লেখ্য, ক’দিন আগে নিউ জলপাইগুড়ি স্টেশনের পিছনে থেকে এক মহিলা সহ তিন পাচারকারীকে ব্রাউন সুগার সহ গ্রেপ্তার করেছিল পুলিশ। পরপর এমন ঘটনা থেকে তদন্তকারী পুলিশ আফিসারদের অনুমান, বর্তমানে মাদক কারবারে মহিলাদের কাজে লাগানো হচ্ছে।এ প্রসঙ্গে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি রাকেশ সিং বলেন, আমরা মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মা ও মেয়েকে গ্রেপ্তার করেছি। ঘটনার তদন্ত চলছে।
  • Link to this news (বর্তমান)