তেহট্টে চূড়ান্ত ভোটার তালিকার অপেক্ষায় শাসক ও বিরোধী পক্ষ, সংখ্যালঘু সম্প্রদায় না মতুয়া, বাদ যাবে কাদের নাম?
বর্তমান | ০৫ ফেব্রুয়ারি ২০২৬
সংবাদদাতা, তেহট্ট: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার অপেক্ষায় রাজনৈতিক দলগুলো। তেহট্ট বিধানসভা নিয়ে জল মাপছে সব পক্ষ। এই বিধানসভায় তৃণমূল ও বিজেপির শক্তি প্রায় তুল্যমূল্য। বিধানসভা নির্বাচনে সাড়ে ছ’ হাজার ভোটে তৃণমূল জিতলেও লোকসভায় তার উল্টো ফল হয়েছে। লোকসভায় প্রায় একই ব্যবধানে এগিয়ে বিজেপি প্রার্থী। তাই চূড়ান্ত তালিকার অপেক্ষায় সব দলই।এখন এসআইআর চলছে। তেহট্ট বিধানসভা তেহট্ট-১ ব্লকের ন’টি গ্রাম পঞ্চায়েত ও করিমপুর-২ ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েত নিয়ে তৈরি। এর মধ্যে পাঁচটি পঞ্চায়েতে মতুয়া সম্প্রদায়ের ভোটার বেশি। চারটি গ্রাম পঞ্চায়েতে সংখ্যালঘু ভোট বেশি। বাকি চারটি গ্রাম পঞ্চায়েতে সব ধরনের ভোটার আছে। এসআইআর শুনানির পর কারা চূড়ান্ত তালিকায় থাকবে, তাই নিয়ে চিন্তায় সব রাজনৈতিক দল। তৃণমূলের চিন্তা, যদি সংখ্যালঘু ভোটার বেশি বাদ যায় তাহলে এই বিধানসভায় লড়াই কঠিন হবে। আবার বিজেপির চিন্তা, যদি মতুয়া সম্প্রদায়ের নাম বাদ যায়, তবে কী হবে। তৃণমূল সুত্রে জানা গিয়েছে, কোনো বৈধ ভোটারের নাম, সে মতুয়া হোক আর সংখ্যালঘু, যাতে কাটা না যায় তার জন্য এসআইআর শুনানিতে ভোটারদের সাহায্য করার জন্য পাশে ছিল। মানুষ বুঝতে পেরেছে যে মানুষের বিপদে একমাত্র তৃণমূল পাশে থাকে। তৃণমূলের নীচুতলার কর্মীদের থেকে জানা যায়, এবার বিধানসভা নির্বাচনে লড়াই অন্য বারের থেকে কঠিন। তাই দলাদলি ভুলে যদি একসঙ্গে প্রার্থীকে জেতানোর জন্য যদি ঝাঁপিয়ে পড়া না যায়, তাহলে প্রার্থীকে জেতানো যাবে। না হলে সমস্যা হবে। বিজেপি সুত্রে জানা গিয়েছে, লোকসভা নির্বাচনের যে ফল ছিল তা ধরে রাখা নির্ভর করছে চূড়ান্ত ভোটার তালিকা কী হবে তার উপর। এই বিধানসভায় বিজেপির বড় ভোটব্যাঙ্ক মতুয়া সম্প্রদায়ের মানুষজন।এই বিষয়ে তেহট্ট-১ তৃণমূল ব্লক সভাপতি দিলীপ পোদ্দার বলেন, এই বিধানসভার মানুষ জানে যে, আমরা সব সময়ে পাশে থাকি। লোকসভায় যাই ফল হোক, বিধানসভায় আমরা জিতব।বিজেপির নদীয়া জেলা উত্তরের মুখপাত্র সন্দীপ মজুমদার বলেন, কোনো ধর্মের মানুষের নামই বাদ যাবে না, যদি তাঁরা ভারতীয় হন। যদি কারো নাম বাদ যায় সিস্টেমের কারণে, তবে তিনি ভোটার তালিকায় নাম তুলতে পারবেন। তাই তেহট্ট বিধানসভায় লোকসভায় যে ফল ছিল তাই হবে। শুধু তেহট্ট বিধানসভা জিতব না, আমরা বাংলায় সরকার গড়ব।