পুড়ে ছাই ২৫টি দোকান, ব্যাপক লোকসানের আশঙ্কা ব্যবসায়ীদের
বর্তমান | ০৫ ফেব্রুয়ারি ২০২৬
সংবাদদাতা, বারুইপুর: এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে ছাই হয়ে গেল ২৫টি দোকান। মঙ্গলবার মাঝরাতে ঘটনাটি ঘটেছে মন্দিরবাজার ব্লকের বিজয়গঞ্জ বাজারে। দমকলের দু’টি ইঞ্জিন প্রথমে আগুন নেভানোর কাজে নেমে পড়লেও পরে আরও একটি গাড়ি আসে। কিন্তু দমকল আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার আগেই ওইসব দোকানগুলি ছাই হয়ে যায়। এতে ছোট ও মাঝারি ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। যদিও এর তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল। ক্ষতিগ্রস্ত বিক্রেতা ও দোকানদারদের হাতে বুধবার বিপর্যয় মোকাবিলা দপ্তরের ত্রিপল, চাল তুলে দেন মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদার, বিডিও তপনকুমার বিশ্বাস সহ অন্যরা।মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে ব্যবসায়ীরা বাড়ি চলে যাওয়ার পর সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে তাঁদের কাছে খবর আসে যে, বাজারের দোকানগুলিতে আগুন ধরেছে। সবাই ছুটে আসেন ঘটনাস্থলে। চোখের সামনে রুজিরুটির একমাত্র সংস্থানটিকে আগুনের গ্রাসে দেখে কান্নায় ভেঙে পড়েন ব্যবসায়ীরা। এদিকে, বিভিন্নরকমভাবে চেষ্টা করেও আগুন নেভানো যায়নি। ওই দোকানগুলির পাশে অবস্থিত পুলিশের একটি কিয়স্কও ভস্মীভূত হয়েছে। আগুন লেগে যায় সেখানে থাকা একটি আলুর গোডাউনেও। জানা গিয়েছে, এগুলি মূলত অস্থায়ী দোকান। শুধু দুর্গাপুজোর সময় সেগুলি সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। পরে আবার ওই জায়গাতে নিজেদের দোকান গড়ে তোলেন ব্যবসায়ীরা। অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে তাঁদের দাবি, একটি মুড়ির দোকানে শর্ট সার্কিট থেকে আগুন লাগে প্রথমে। সেটাই ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলিতে। তার মধ্যে একটি চায়ের দোকানে সিলিন্ডার ছিল। সেটি বিস্ফোরণ হওয়ায় আরও বেশি বিপত্তি হয়। ফলে আগুন দ্রুত ধরে যায়। প্রবীর পাল নামে এক ব্যবসায়ী বলেন, রাত সাড়ে ১২টায় খবর পেয়ে এখানে আসি। তখন দাউদাউ করে আগুন জ্বলছে। অসহায় হয়ে দেখলাম কীভাবে শেষ হয়ে গেল আমার দোকানটি। জীবন পুরকাইত নামে আরেক দোকানদারের বক্তব্য, এই আগুনে প্রচুর ক্ষতি হয়ে গেল। এখন কীভাবে সংসার চলবে জানি না। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সরকারি সাহায্যের দাবি জানিয়েছেন। অগ্নিকাণ্ড নিয়ে মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদার বলেন, অপূরণীয় ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের। আমরা ওদের পাশে আছি। এদিকে, বুধবার ভোরে কাকদ্বীপে আগুনে পুড়ে গেল এক শিউলির অস্থায়ী ছাউনি। সেখানে রাখা ছিল সমস্ত নথিপত্র। অগ্নিকাণ্ডে সেসব পুড়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে কাকদ্বীপ স্টেশন সংলগ্ন এলাকায়। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।-নিজস্ব চিত্র