• দিদিকে খুনের অভিযোগে দোষী সাব্যস্ত ভাই, আজ সাজা ঘোষণা
    বর্তমান | ০৫ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: দিদিকে খুনের অভিযোগে ভাইকে দোষী সাব্যস্ত করল আদালত। আজ বৃহস্পতিবার সাজা ঘোষণা। প্রায় আট বছর আগে খুনের অভিযোগ উঠেছিল প্রদীপ দাসের বিরুদ্ধে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাঝেমধ্যে দিদির কাছে টাকা চাইত প্রদীপ। কখনও সেই টাকা মদ খেয়ে, কখনও অন্যভাবে উড়িয়ে দিত। তা নিয়ে দিদির সঙ্গে ঝামেলাও হতো। সেই টাকা সংক্রান্ত কারণেই দিদিকে খুনের অভিযোগ ওঠে ভাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে ২০১৭ সালের ১৪ জুলাই বারাকপুরের শিউলি দেবপুকুরে। নিহত শেফালী ধরের স্বামী মধু ধর টিটাগড় থানায় অভিযোগ করেছিলেন। তিনি ওই দিন সকাল সাড়ে আটটায় বাড়ি থেকে বেরিয়ে যান। দুটো নাগাদ ছেলে দেবজিৎ ধর বাড়ি আসেন। অনেকক্ষণ দরজা ধাক্কানোর পর মামা প্রদীপ দাস দরজা খোলে। তিনি ঘরে ঢুকে মায়ের খোঁজ করতে থাকেন। তখনই  মামা প্রদীপ দাস ঘর থেকে বেরিয়ে যান। পরে খাটের নীচে চাদরে মোড়া মায়ের মৃতদেহ দেখতে পান দেবজিৎ। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। শেফালীকে বারাকপুর বি এন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।এরপর মধু ধরের অভিযোগের ভিত্তিতে মৃতের ভাই প্রদীপ দাসকে গ্রেপ্তার করা হয়। প্রদীপ দাসের বিরুদ্ধে তার ভাগ্নে দেবজিৎ ধর সাক্ষ্য দেন। সরকারি আইনজীবী শিশির গুহ রায় জানিয়েছেন, সেই সাক্ষ্য এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে শেফালী ধর খুনের মামলায় বুধবার বারাকপুরের তৃতীয় অতিরিক্ত জেলা দায়রা জজ অয়নকুমার ব্যানার্জি প্রদীপ দাসকে দোষী সাব্যস্ত করলেন। আজ বৃহস্পতিবার সাজা ঘোষণা হবে।
  • Link to this news (বর্তমান)