‘ড্রয়েডলক’! ১ বছরে চুরি ৩ লক্ষ ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড
বর্তমান | ০৫ ফেব্রুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ব্যাংকে ডাকাতি রুখতে গানম্যান মোতায়েন থাকাটাই প্রচলিত রীতি। তা সত্ত্বেও ডাকাতির বিস্তর ঘটনা ঘটেছে। আবার অ্যাকাউন্ট থেকে নগদ তুলে বাড়ি ফেরার পথেও রাহাজানি-কেপমারি এবং পকেটমারির ঘটনাও জানা রয়েছে সবার। এসব রুখতে ব্যাংকিং ব্যবস্থাকে সহজ করতে এসেছে এটিএম-ডেবিট কার্ড। ইউপিআই ব্যবস্থাও। কিন্তু তাতেও যে রক্ষে নেই! সাইবার প্রতারকদের নিত্যনতুন প্রযুক্তির জেরে অনলাইন চুরি ঠেকানো এখন বড় দায়। মুঠোফোন হ্যাক করে চুরি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড। এই পর্বে ডেটা সিকিউরিটি কাউন্সিল অব ইন্ডিয়ার পরিসংখ্যান চোখ কপালে তুলেছে। শুধুমাত্র কলকাতা শহরে গত একবছরে ৩ লক্ষ ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চুরি গিয়েছে। এই চুরির নেপথ্যে রয়েছে ‘ড্রয়েডলক’ নামে একটি ম্যালওয়্যার। এই ম্যালওয়্যার গোটা ফোন হ্যাক করে যে কাউকে সর্বস্বান্ত করে দিতে সক্ষম।দেশের কোন কোন ক্ষেত্রে গোপন তথ্য ও তথ্যভাণ্ডার এর উপর জালিয়াতদের নজর রয়েছে, তা যাচাই করে ডেটা সিকিউরিটি কাউন্সিল অব ইন্ডিয়া। ইদানিং দেশজুড়ে একটি সমীক্ষা চালায় তারা। তাতে দেখা গিয়েছে, অটোমোবাইল, সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত সংস্থায় সাইবার জালিয়াতদের নজর সবচেয়ে বেশি। কিন্তু এর পাশাপাশি, সাধারণ মানুষকে ফোন করে প্রতারণার জাল বোনার ‘জামতাড়া’ পদ্ধতি থেকে অনেকটাই সরে আসছে সাইবার জালিয়াতরা। বরং মোবাইলে এপিকে ফাইল, ছবি ইত্যাদির মাধ্যমে ক্ষতিকারক সফটওয়্যার বা ম্যালওয়্যার প্রবেশ করিয়ে দিয়ে গ্রাহকের যাবতীয় তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে প্রতারকরা।কলকাতাতেই মোবাইল হ্যাকের মাধ্যমে সাইবার প্রতারণার অভিযোগে জমা পড়েছে ঝুড়ি ঝুড়ি। তার মধ্যে ৩ লক্ষ ব্যাংক আকাউন্টের তথ্য চুরির খলনায়ক ‘ড্রয়েডলক’। সিংহভাগই গ্রাহকের মোবাইল ফোন থেকেই হ্যাক হয়েছে। রিপোর্ট অনুযায়ী, প্রায় ৭৩ শতাংশ ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টটি যে মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত, তার হ্যান্ডসেটে অসাধু উপায়ে ‘অনুপ্রবেশ’ করানো হয়েছে ড্রয়েডলক ম্যালওয়্যার। বাকি ২৭ শতাংশ ক্ষেত্রে জালিয়াতদের নজর পড়েছিল ব্যাংকের তথ্যভান্ডারে। সূত্রের খবর, একাধিক ব্যাংকের তথ্যভাণ্ডারের আইডি, পাসওয়ার্ড থাকে ব্যাংকের আধিকারিকদের কাছে। তাঁদের মোবাইল ফোনেও প্রবেশ করানো হচ্ছে এই ড্রয়েডলক। যদিও ব্যাংকের তথ্যভাণ্ডার হ্যাক করার জেরে আর্থিক তছরুপের ঘটনা, এখনও পর্যন্ত কলকাতায় ঘটেনি বলে জানিয়েছে লালবাজার। তবে তথ্যভাণ্ডার হ্যাক করার চেষ্টার একাধিক অভিযোগ পেয়েছে কলকাতা পুলিশ।কীভাবে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চুরি? সাইবার বিশেষজ্ঞরা বলছেন, ড্রয়েডলক একটি বিশেষ ধরনের ম্যালওয়্যার। যা শুধুমাত্র অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে কার্যকর। এই ম্যালওয়্যার মোবাইলের ভিতরে প্রবেশ করলে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ হারান গ্রাহক। মোবাইলটি হ্যাকারদের কবজায় চলে যায়। এর মাধ্যমেই মোবাইলের সঙ্গে যুক্ত ইউপিআই অ্যাকাউন্টের পাসওয়ার্ড বা ব্যাংকের অ্যাপের লগ-ইন আইডি হাতিয়ে নেয় সাইবার জালিয়াতরা।