নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাইলটের দক্ষতায় ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন বিমানযাত্রীরা। কাঠমাণ্ডু থেকে ইস্তানবুলগামী বিমান জরুরি অবতরণ করল কলকাতায়। বুধবার দুপুরের ঘটনা। কাঠমাণ্ডু থেকে বেলা ১টা বেজে ২৯ মিনিটে রওনা দেয় টার্কিস এয়ারলাইন্সের ‘টিএইচওয়াই ৭২৭’ বিমান। যাচ্ছিল তুরস্কের ইস্তানবুলে। কাঠমাণ্ডু থেকে আকাশে ওড়ার কিছুক্ষণ বাদেই বিমানে যান্ত্রিক ত্রুটি দেখতে পান পাইলট। তিনি অনুধাবন করেন, বিমানের কোনো ইঞ্জিনে আগুন লেগে গিয়েছে। তৎক্ষণাৎ পাইলট যোগাযোগ করেন কাঠমাণ্ডুর এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে। ওই বিমানটিতে দু’টি ইঞ্জিন ছিল। একটি অকেজো হয়ে যাওয়ায় দ্বিতীয় ইঞ্জিনে ভর করে সেটি চলতে থাকে। যেহেতু বিমানটি কলকাতার কাছাকাছি ছিল, তাই কাঠমাণ্ডু এয়ার ট্রাফিক কন্ট্রোল যোগাযোগ করে কলকাতা এটিসির সঙ্গে। এরপর জরুরি ভিত্তিতে বিকাল ৩টা নাগাদ বিমানটিকে কলকাতায় অবতরণ করা হয়। বিমানে ১১ জন ক্রু এবং ২৩৬ জন যাত্রী ছিলেন। সকলেই সুরক্ষিত আছেন। বিমানটিকে কলকাতা বিমানবন্দরের পার্কিং এরিয়ায় আলাদাভাবে রেখে পরীক্ষা করা হচ্ছে। বিমান যাত্রীদের মধ্যে বেশ কয়েকজনকে কলকাতার হোটেলে থাকার ব্যবস্থা করে দিয়েছে এয়ারলাইন্স সংস্থা। অন্যান্য যাত্রীদের অন্য বিমানে ইস্তানবুলে পাঠানোর ব্যবস্থা করা হয়। তবে ঝুঁকি না নিয়ে পাইলট যে দক্ষতার পরিচয় দিয়েছেন, তাঁকে কুর্নিশ জানিয়েছেন বিমান যাত্রীরা।