নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জেনারেল ম্যানেজার পদ তৈরি হতে চলেছে কলকাতা পুরসভায়। এই বিষয়ে ইতিমধ্যেই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তা অনুমোদনের জন্য পাঠানো হচ্ছে রাজ্য সরকারের কাছে। মোট ছ’টি জেনারেল ম্যানেজার পদ তৈরি হবে বলে জানা গিয়েছে।কলকাতা পুরসভায় বর্তমানে রয়েছে ডিজি এবং চিফ ম্যানেজার পদ। এক্ষেত্রে ডিজি ইঞ্জিনিয়ারিং ক্যাডার এবং চিফ ম্যানেজার জেনারেল ক্যাডার বা নন ইঞ্জিনিয়ারিং স্টাফ। এই দুই পদের কাজের ক্ষেত্র বা গুরুত্ব সমান হলেও প্রশাসনিক ভাবে এই দুই পদ সমতুল্য নয়। চিফ ম্যানেজার পদ ডেপুটি চিফ ইঞ্জিনিয়ারের সমান অর্থাৎ ক্ষমতা অনুযায়ী ডিজির নীচে। চিফ ম্যানেজাররা বিভাগীয় প্রধান বা ডিপার্টমেন্টাল হেড হলেও ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিজিদের তুলনায় তাঁদের পে স্কেল বা বেতন কম। মূলত অ্যাসেসমেন্ট, মার্কেট, অ্যামিউজমেন্ট বা বিনোদন, সামাজিক সুরক্ষা সহ বিভিন্ন বিভাগে এই নন ইঞ্জিনিয়ারিং স্টাফ বা চিফ ম্যানেজাররা দায়িত্বে রয়েছেন। প্রশাসনিক ক্ষেত্রে একবার চিফ ম্যানেজার হয়ে গেলে তাঁদের আর পদোন্নতির সুযোগ নেই। তাই প্রশাসনিক কাজে সুবিধা এবং জটিলতা কাটাতেই জেনারেল ম্যানেজার পদ তৈরির সিদ্ধান্ত বলে পুরসভার কর্মিবর্গ বিভাগ সূত্রে খবর। এক চিফ ম্যানেজারের কথায়, ১৩ থেকে ১৪ বছর ধরে অনেকে চিফ ম্যানেজার পদে রয়েছেন। কোনো পদোন্নতি হয়নি। আবার রাজ্য সরকারি কর্মচারীদের মতো আমাদের নির্দিষ্ট বছরভিত্তিক পদোন্নতির সুযোগ নেই। তাই এই জেনারেল ম্যানেজারের পর তৈরি হওয়া জরুরি।এই প্রসঙ্গে পুরসভার কর্মিবর্গ বিভাগের আধিকারিকরা জানাচ্ছেন, রাজ্যের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ক্যাডারের মাথায় সেক্রেটারিরা বসে রয়েছেন। সেখানে ইঞ্জিনিয়ারিং অফিসারদের গুরুত্ব তুলনামূলক কম, সচিবালয়ের শীর্ষ কর্তা বা নন ইঞ্জিনিয়ারিং ক্যাডারের গুরুত্ব বেশি। কলকাতা পুরসভার ক্ষেত্রে ঠিক তার উল্টো। তাই প্রশাসনিক কাজের সুবিধার জন্যই জেনারেল ম্যানেজার পদ তৈরি করা হচ্ছে। মেয়র পরিষদের অনুমোদন মিলেছে। পুর অধিবেশনেও পাশ হয়েছে। রাজ্য সরকারের কাছে ফাইল পাঠানো হচ্ছে।