নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সে আবার এল ফিরিয়া। চলে যাওয়া শীত আবার ফিরছে কলকাতায়। এ শীত আমেজ থাকবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে ১৪ ডিগ্রির নীচে তাপমাত্রা নামবে না। ফেব্রুয়ারির প্রথমার্ধের এই ঠান্ডাভাব মনে করাচ্ছে জানুয়ারিকে। আগের মাসের প্রথমদিকেও এরকম শীত উপভোগ করেছে শহর। সূর্যকে ভেংচি কেটে ফিরে আসছে শীত। আম জনতা তার এ হেন আচরণে আহ্লাদে আটখানা। ফের শুরু হয়েছে উইকএন্ডে ঘোরাঘুরির প্ল্যান। পাড়ায় পাড়ায় ফের আরম্ভ পিকনিকের তোড়জোড়।আলিপুর আবহাওয়া দপ্তরের অনুমান, ফেব্রুয়ারির প্রথমার্ধে শীতের আমেজ কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে থাকবে। আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রার কিছুটা পতন হবে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে চলে আসার সম্ভাবনা আছে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস বুধবার জানান। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬. ৮ ডিগ্ৰি ছিল। তবে তা এই সময়ের স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রার থেকে ১.২ ডিগ্ৰি বেশি। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬. ৪ ডিগ্ৰি। এটি প্রায় স্বাভাবিক। বৃহস্পতিবার ১৫ ডিগ্রি সেলসিয়াসের মতো হবে সর্বনিম্ন তাপমাত্রা।শীতের আচমকা ভোলবদল কেন? কেন সে হঠাৎ সদয়? আবহাওয়াবিদদের বক্তব্য, এর মূল কারণ পশ্চিমী ঝঞ্ঝা। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম হিমালয় ও সংলগ্ন এলাকায় আছড়ে পড়ছে। তবে দু’টি ঝঞ্ঝার মধ্যবর্তী সময় হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া। এই কারণেই শীতের আমেজ। ঠান্ডা খানিক হলেও আসছে ফিরে ফিরে। সাধারণত কলকাতা ও লাগোয়া এলাকায় ফেব্রুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত শীতের হালকা আমেজ থেকেই যায়। তবে তা নির্ভর করে পশ্চিমী ঝঞ্ঝার গতিপ্রকৃতির উপর। বুধবার বায়ুমণ্ডলের উপরের স্তরে জলীয় বাষ্প বেশি মাত্রায় ছিল। তাই আকাশ ছিল আংশিকভাবে মেঘাচ্ছন্ন। কলকাতা ও তার আশপাশে সূর্যের দেখা মেলে বেলা বাড়ার পর। তাও রোদের তেজ সেরকম ছিল না। মেঘ থাকার কারণেই কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা বেশ খানিকটা গিয়েছিল বেড়ে।এদিন কলকাতার আশপাশের এলাকাতেও তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে যায়। সল্টলেকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৩.৯ ডিগ্রি বেশি। ক্যানিং, কাকদ্বীপ, ডায়মন্ডহারবার, মগরার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির আশপাশে ছিল। অন্যদিকে কল্যাণী, বসিরহাটের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রির আশপাশে। দমদমে ১৭.২ ডিগ্রি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সমতল এলাকার মধ্যে কোচবিহারে তাপমাত্রা সবথেকে কম ছিল, ১১.৬ ডিগ্ৰি। দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪ ডিগ্ৰি। দক্ষিণবঙ্গে এদিন শীতলতম স্থান ছিল বীরভূমের সিউড়ি। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ১১।অন্যদিকে আজ, বৃহস্পতিবার ভোরের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। তবে কলকাতায় নয়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনার দু-একটি স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। এছাড়া দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানেও কুয়াশা দেখা যাবে। -নিজস্ব চিত্র