• সুপ্রিম কোর্টের নির্দেশ মতো কর্মীদের ডিএ দেবে রাজ্য? উত্তর দিলেন মমতা
    আজ তক | ০৫ ফেব্রুয়ারি ২০২৬
  • ২০১৯ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএ ছিল, তার ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বেঁধে দিয়েছে সময়ও। বাকি বকেয়ার ৭৫ শতাংশ মিটিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনার জন্য নতুন কমিটি গঠনের কথা বলেছে সুপ্রিম কোর্ট। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে চার সদস্যের কমিটি হবে।  বিচারপতি সঞ্জয় করল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, আগামী ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। এই নিয়ে এবার প্রতিক্রিয়া দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

    বাজেট নিয়ে সাংবাদিক বৈঠকে সুপ্রিম কোর্টের ডিএ সংক্রান্ত নির্দেশ নিয়ে প্রশ্ন করা হলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রায়ের কপি এখনও আমরা হাতে পাইনি। সেটা পড়ে দেখতে হবে। রায় নিয়ে আমরা কিছু বলতে চাই না। যে কমিটি গড়ার কথা বলা হয়েছে, তাতে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতিরা আছেন। পশ্চিমবঙ্গের কোনও প্রতিনিধি নেই। আমরাও মুখ্যসচিবের নেতৃত্বে একটি কমিঠি গঠন করেছি।  আইনি পরামর্শ নেব এবং সরকারকে পরামর্শ দেওয়ার জন্য ইতিমধ্যেই ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছি। তাঁদের মতামত অনুযায়ী কাজ করব।’ কেন্দ্রীয় হারে ডিএ বিতর্কে রাজ্য সরকারি কর্মচারীদের পেনশনের প্রসঙ্গ টেনেছেন মমতা। বলেছেন, ‘আর কোনও রাজ্যে পেনশন দেওয়া হয় না। পশ্চিমবঙ্গে যা পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। পেনশন বন্ধ করে দিলে আমার অনেক টাকা বেঁচে যেত। কিন্তু যাঁরা পেনশনের উপর নির্ভরশীল, তা হলে তাঁরা কী করবেন? সরকারি কর্মীদের কথা চিন্তা করে তা সরকার দিয়ে থাকে। ’

    প্রসঙ্গত, মহার্ঘ ভাতা পাওয়া সরকারি কর্মীদের আইনি অধিকার, DA সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার বিষয়টি স্পষ্ট করে দেয়  সুপ্রিম কোর্ট। পাশাপাশি রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA মেটানো নিয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। এই কমিটিই রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে DA দেওয়ার বিষয়টি স্থির করবে। এ ছাড়াও অবিলম্বে মেটাতে হবে ২৫ শতাংশ DA, দেওয়া হয়েছে সেই নির্দেশও। ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া DA মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ, অবিলম্বে বকেয়ার ২৫ শতাংশ মেটাতে হবে (ছয় সপ্তাহের মধ্যে)। DA কবে, কখন মেটানো হবে, সেই বিষয়গুলিতে সিদ্ধান্ত নিতে চার সদস্যের একটি কমিটি গঠন করা হবে। এই কমিটিতে থাকবেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রা। তিনিই কমিটির চেয়ারপার্সন হবেন। এর মধ্যে টাকার অঙ্ক এবং বকেয়া টাকা মেটানোর দিন নির্ধারিত করতে হবে ৬ মার্চের মধ্যে। কমিটির নির্ধারিত প্রথম কিস্তির টাকা দিতে হবে ৩১ মার্চের মধ্যে। আদালতের নির্দেশ কার্যকর হলো কি না, তা জানাতে একটি রিপোর্ট (কমপ্লায়েন্স রিপোর্ট) ১৫ এপ্রিলের মধ্যে সর্বোচ্চ আদালতে জমা দিতে হবে।  সূত্রের খবর, এই DA মেটাতে গেলে রাজ্যকে ১০ হাজার ৪০০ কোটি টাকা দিতে হবে। উল্লেখ্য, কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা (DA) দেওয়া এবং বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর দাবিতে দীর্ঘ দিন ধরে আইনি লড়াই লড়ছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ।
  • Link to this news (আজ তক)