• রাজ্য বাজেটে বড় ঘোষণা, বাড়ল লক্ষ্মীর ভাণ্ডার, ৪ শতাংশ বৃদ্ধি পেল ডিএ
    বর্তমান | ০৫ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটমুখী বাংলায় বিরাট ঘোষণা রাজ্য সরকারের। ৫০০ টাকা বাড়ল লক্ষ্মীর ভাণ্ডার। জল্পনা ছিলই যে এবারের বাজেটে বাড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডার। আজ, বৃহস্পতিবার বহু প্রতিক্ষিত সেই জল্পনাকেই বাস্তবায়িত করল রাজ্যের সরকার। আজ, বৃহস্পতিবার বিধানসভায় পেশ হওয়া ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে পেশ করা হয়। সেখানেই রাজ্যের মহিলাদের জন্য এই খুশির খবর শোনান অর্থ দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ৫০০ টাকা বাড়ানোর ফলে এই প্রকল্পে অতিরিক্ত বরাদ্দ করা হল ১৫ হাজার কোটি টাকা। প্রকল্পে যুক্ত হচ্ছেন আরও ২০ লক্ষ ৬২ হাজার উপভোক্তা। বর্তমানে রাজ্যের সাধারণ মহিলারা ১০০০ টাকা এবং এসসি-এসটি মহিলারা পেতেন ১২০০ টাকা। ৫০০ টাকা বাড়ার ফলে এটি বেড়ে হল যথাক্রমে ১৫০০ এবং ১৭০০ টাকা। এদিন ভোটের আগে ৪ লক্ষ ৬ হাজার কোটি টাকার অন্তর্বর্তী বাজেট পেশ করল রাজ্য সরকার। লক্ষ্মীর ভাণ্ডারের ঘোষণার পাশাপাশি এদিন সপ্তম পে কমিশনের কথা ঘোষণা করা হয়। রাজ্য সরকারি কর্মীদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছে। ফলে ১৮ শতাংশ থেকে এটি বেড়ে হল ২২ শতাংশ। আগামী ১লা এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ কার্যকর করা হবে। জানানো হয়, গিগ কর্মীরাও স্বাস্থ্যসাথীর আওতায় আসবেন। এর পাশপাশি বাংলার নতুন প্রকল্প ‘যুবসাথী’-কথা ঘোষণা করা হয়। রাজ্যের যুবক-যুবতীদের চাকরি পেতে সহযোগিতা করা হবে। এছাড়া ২১-৪০ বছর বয়সী বেকারদের মাসিক ১৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে। অন্যদিকে, ভূমিহীন কৃষিকর্মীদের জন্য বছরে চার হাজার টাকা দেওয়া হবে দুটি কিস্তিতে, ২ হাজার টাকা করে। শিক্ষকবন্ধুদের ভাতা ১০০০ টাকা করে বাড়ানো হয়েছে। আশা কর্মীদের বেতন বেড়ে হল ৬ হাজার টাকা। রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়কদের জন্য ভাতাও ১০০০ টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে অন্তর্বর্তী বাজেটে। তাঁরা মারা গেলে পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণের কথাও ঘোষণা করা হয়েছে। এজন্য বরাদ্দ করা হয়েছে ২৮০ কোটি টাকা। সিভিক ভলান্টিয়ার এবং গ্রিন পুলিশদের বেতন মাসিক ১০০০ টাকা করে বাড়ানো হয়েছে। এর জন্য বরাদ্দ করা হয়েছে ১৫০ কোটি টাকা। বর্তমানে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা রাজ্যের হেলথ স্কিম-এর আওতায় দু’লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস পরিষেবা পান। চলতি বাজেটে ঘোষণা করা হয়েছে, এবার থেকে দু’লক্ষ টাকার বেশি যা অর্থ খরচ হবে তার ৭৫ শতাংশ ক্যাশলেস পরিষেবার আওতায় আনা হবে।
  • Link to this news (বর্তমান)