শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: রাজ্যের বাজেটে বড় চমক। রাজ্যে ২১ থেকে ৪০ বছর বয়সী মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষিত যুব সমাজের কর্মসংস্থানের পথে সাহায্য করার জন্য "বাংলার যুব সাথী" নামে নতুন প্রকল্প চালু করল রাজ্য সরকার।
এই প্রকল্পে যারা শিক্ষা সংক্রান্ত বা স্কলারশিপ ছাড়া রাজ্য সরকারের অন্য কোন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছে না তাঁদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সর্বাধিক ৫ বছর পর্যন্ত মাসে " ১৫০০" টাকা অর্ধিক সাহায্য দেওয়া হবে। আগামী ১৫ আগষ্ট থেকে চালু হবে।
দীর্ঘদিন ধরে রাজ্যে 'যুবশ্রী' প্রকল্প চালু থাকলেও, নতুন এই "বাংলার যুব সাথী" প্রকল্পটি আরও সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আনা হয়েছে। এই প্রকল্পের জন্য রাজ্য সরকার বাজেটে ৫০০০ কোটি টাকা বরাদ্দ করেছে। মূলত ২১ থেকে ৪০ বছর বয়সী যুবক-যুবতীরা, যারা ন্যূনতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ, তাঁরাই এই প্রকল্পের আওতায় আসবেন।
এই প্রকল্পের অধীনে যোগ্য আবেদনকারীরা প্রতি মাসে ১,৫০০ টাকা করে আর্থিক সাহায্য পাবেন। তবে শর্ত হলো, আবেদনকারীকে অন্য কোনো সরকারি স্কলারশিপ বা সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধাভোগী হওয়া চলবে না। চাকরি বা স্থায়ী কর্মসংস্থান না হওয়া পর্যন্ত একজন আবেদনকারী সর্বাধিক ৫ বছর পর্যন্ত এই ভাতার সুবিধা পাবেন।
কবে থেকে শুরু? সরকার জানিয়েছে, আগামী ১৫ আগস্ট থেকে রাজ্যজুড়ে এই প্রকল্পের সুবিধা দেওয়া শুরু হবে। ডিজিটাল পোর্টালের মাধ্যমে নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শীঘ্রই জানানো হবে। মূলত যারা উচ্চশিক্ষার পর চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা কারিগরি দক্ষতা বাড়ানোর চেষ্টা করছেন, তাঁদের দৈনন্দিন খরচ মেটাতেই এই উদ্যোগ।