নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়’! না, সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট করে এমন দাবি করেনি তৃণমূল কংগ্রেস। দলের কোনো নেতা-মন্ত্রীর মুখেও শোনা যায়নি এহেন উক্তি। বৃহস্পতিবার রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে মন্ত্রক সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিবর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বলে ফেলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। অবশ্যই মুখ ফস্কে। যদিও পরমুহূর্তেই সামলে নেন নিজেকে। ফলে বিষয়টি বিজেপির জন্য খুব বেশি অস্বস্তির কারণ হয়নি।এদিন উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন সংক্রান্ত মন্ত্রকের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্তবাবু। এক প্রশ্নের জবাবে তিনি বলতে চেয়েছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বেই যাবতীয় কাজ হচ্ছে। কিন্তু ভুলবশত মোদির বদলে প্রধানমন্ত্রী হিসাবে মমতার নাম বলে ফেলেন তিনি। যদিও পরমুহূর্তেই ভুল শুধরে নেন। এমনকি তাঁর এহেন ভুলে সুকান্তবাবুর পিছনে বসে থাকা বিজেপি সাংসদদেরও হাসতে দেখা গিয়েছে। দলীয় নেতৃত্বের সহাস্য ব্যাখ্যা, এর মধ্যে কোনো গুরুতর বিষয় নেই। এমন ভুল হতেই পারে। কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত বুদ্ধির জোরে নিজেকে যে সামলে নিয়েছেন, সেটিই বড় কথা।রাজনৈতিক মহল অবশ্য বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না। বিরোধীদের কেউ কেউ বলছেন, ভোটের প্রাক্কালে সবসময় মাথার মধ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামই জপতে হচ্ছে রাজ্য বিজেপিকে। সংসদে এভাবে মুখ ফস্কে তাঁর নাম বলে ফেলা আদতে সেই ভাবনারই প্রতিফলন। এর থেকেই স্পষ্ট যে, প্রকাশ্যে ডোন্ট-কেয়ার ভাব দেখালেও রাজ্য বিজেপি নেতৃত্বকে তৃণমূল সুপ্রিমোর ভয় তাড়া করে চলেছে।