• ‘স্পিকারের আড়ালে মুখ লুকোচ্ছেন প্রধানমন্ত্রী’, লোকসভায় ভাষণ-সংঘাত নিয়ে তোপ প্রিয়াঙ্কার
    বর্তমান | ০৬ ফেব্রুয়ারি ২০২৬
  • নয়াদিল্লি (পিটিআই): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসনের কাছে এসে ‘অপ্রত্যাশিত’ কিছু করার পরিকল্পনায় ছিলেন কংগ্রেসের বেশ কয়েকজন সাংসদ। সেবিষয়ে পাকা তথ্য ছিল বলেই বুধবার প্রধানমন্ত্রীকে ভাষণ দিতে লোকসভায় আসতে নিষেধ করেছিলাম। তেমন কিছু হলে দেশের গণতান্ত্রিক ঐতিহ্য ক্ষুণ্ণ হতো।প্রধানমন্ত্রী পরামর্শ গ্রহণ করায় তাঁকে ধন্যবাদ জানাচ্ছি। বৃহস্পতিবার লোকসভায় একথা বলেছেন স্পিকার ওম বিড়লা। যদিও তাঁর এই মন্তব্য সামনে আসার পর এদিন পালটা সুর চড়িয়েছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। তাঁর তোপ, স্পিকারকে ঢাল করে মুখ লুকোচ্ছেন প্রধানমন্ত্রী। তাঁর কোনো ক্ষতি বা আঘাতেরবিন্দুমাত্র উদ্দেশ্য কারও ছিল না। সেই দাবি সম্পূর্ণ মিথ্যা। বুধবার লোকসভায় আসার সাহসই ছিল না প্রধানমন্ত্রীর। ঘটনাচক্রে, রাজ্যসভায় কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা এদিন রাহুল গান্ধীকে ‘অর্বাচীন’ বলে মন্তব্য করেন। তারও পালটা দিয়েছেন প্রিয়াঙ্কা। বলেছেন, কারও সম্পর্কে কি এভাবে কথা বলা যায়? লোকসভার বিরোধী দলনেতাকে বলার সুযোগ দেওয়া উচিত। তিনি একটি বইয়ের লেখা পড়তে চাইছেন বলে ওরা ভয় পাচ্ছে কেন? এপস্টাইন ফাইলের ভয়? নাকি দেশের কৃষকরা ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির শিকার হবেন বলে সেই বিষয়ে প্রশ্নের ভয়?লোকসভায় ধুন্ধুমার ও বিরোধী শিবিরের মহিলা সাংসদদের ‘বয়কটে’র আবহে রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ জ্ঞাপনের প্রস্তাব নিয়ে বক্তব্য বুধবার এড়িয়ে যান প্রধানমন্ত্রী মোদি। এদিন দুপুর তিনটেই ফের অধিবেশন শুরু হওয়ার পর স্পিকার ওম বিড়লা জানান, আমার পরামর্শ মেনেই (গতকাল) লোকসভায় বক্তব্য দিতে আসেননি প্রধানমন্ত্রী। এমনকি আমার দপ্তরেও কয়েকজন সাংসদের আচরণ প্রত্যাশামাফিক ছিল না। স্পিকার হিসাবে সভার মর্যাদা বজায় রাখা আমার কর্তব্যের মধ্যেই পড়ে। যদিও এই দাবি খারিজ করে প্রিয়াঙ্কার তোপ, সরকারের চাপেই স্পিকার এসব বলছেন। এসব সম্পূর্ণ মিথ্যা। প্রধানমন্ত্রীর উপর হাত তোলা, তাঁকে আঘাত করা বা ওই ধরনের কিছু করার প্রশ্নই ওঠে না। এমন কোনও পরিকল্পনা ছিল না। তাই এরকম কেউ দাবি করলে, তা সঠিক নয়। কিন্তু আপনি যদি  (শুধুমাত্র) আপনাদের সদস্যদের বইয়ের উক্তি পাঠ করতে দেন, যা ইচ্ছা বলতে দেন, তাহলে বিরোধী বেঞ্চ প্রতিবাদ করবেই। বুধবার মাত্র তিনজন মহিলা সাংসদ শুধুমাত্র প্রধানমন্ত্রীর আসনের কাছে এসে দাঁড়িয়েছিলেন। সেই ঘটনা নিয়ে এসব কী আজেবাজে কথা বলা হচ্ছে!
  • Link to this news (বর্তমান)