প্রাক্তন প্রেমিককে দিয়ে স্বামীকে খুন, গ্রেপ্তার স্ত্রী
বর্তমান | ০৬ ফেব্রুয়ারি ২০২৬
শ্রীগঙ্গানগর: ফিরে এল মেঘালয়ের হাড়হিম হানিমুন মার্ডারের স্মৃতি। এবারে ঘটনাস্থল রাজস্থান। মাস তিনেকের বিবাহিত জীবন। কিন্তু দাম্পত্য জীবন সুখী না হওয়ায় প্রাক্তন প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুনের অভিযোগ উঠল নববধূর বিরুদ্ধে। শুধু খুন নয়, বিষয়টি এমন পরিকল্পনামাফিক ঘটানো হয়েছিল, যাতে পুলিশের কাছে তা নিছক দুর্ঘটনা বলে মনে হয়। তবে সেই চেষ্টা সফল হয়নি। মূল অভিযুক্ত স্ত্রী সহ তাঁর প্রেমিক ও দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।ঘটনার সূত্রপাত গত শুক্রবার, রাজস্থানের শ্রীগঙ্গানগরে। রাস্তায় এক যুগল জখম অবস্থায় পড়ে রয়েছে বলে খবর পায় পুলিশ। জানা যায়, তাঁরা স্বামী-স্ত্রী। নাম আশিস এবং অঞ্জু। পুলিশ দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আশিসকে মৃত বলে ঘোষণা করেন। জিজ্ঞাসাবাদে অঞ্জু পুলিশকে জানায়, তাঁরা নৈশভোজের পর হাঁটতে বেরিয়েছিলেন। তখনই একটি গাড়ি তাঁদের ধাক্কা মারে। এমনকি তাঁর গয়নাও লুট করা হয়েছে। তবে তাঁর বয়ানে অসঙ্গতি লক্ষ্য করে পুলিশ। পরে ময়নাতদন্তে জানা যায়, আশিসের শরীরের একাধিক জায়গায় গভীর ক্ষত রয়েছে। অন্যদিকে, অঞ্জুর সেভাবে কোনো চোট লাগেনি। ফলে গাড়ির ধাক্কার বিষয়টি যে সাজানো, তা স্পষ্ট হয়ে যায়। লাগাতার জেরায় শেষ পর্যন্ত ভেঙে পড়ে অঞ্জু। স্বীকার করে নেয় পরিকল্পনামাফিক খুনের কথাও।জানা গিয়েছে, মাসতিনেক আগে অঞ্জু এবং আশিসের বিয়ে হয়। তবে স্বামীর সঙ্গে অশান্তির জেরে অঞ্জু বাপের বাড়ি চলে যায়। সেখানে গিয়ে প্রাক্তন প্রেমিক সঞ্জুর মদতে সে আশিসকে খুনের ছক কষে। তার পরই শ্বশুরবাড়ি ফিরে নিয়মিত নৈশভোজের পর স্বামীকে নিয়ে হাঁটতে বের হত অঞ্জু। গত ৩০ জানুয়ারি রাতে আশিসকে নির্জন জায়গায় নিয়ে যায় সে। তখনই ঝোপের আড়ালে লুকিয়ে থানা সঞ্জু ও তার দুই সহযোগী রোহিত এবং বাদল আশিসের উপর হামলা চালায়। শ্বাসরোধ করে খুন করা হয় তাঁকে। অঞ্জু নিজের গয়না সঞ্জুকে দিয়ে দেয়। তারপর নিজেও অচৈতন্য হওয়ার ভান করে রাস্তায় পড়ে থাকে।