সংবাদদাতা, বালুরঘাট: সন্ধ্যাবেলাতেও বালুরঘাট জেলা হাসপাতালের বহির্বিভাগে এবার থেকে মিলবে চিকিৎসা পরিষেবা। আজ, শুক্রবার থেকে হাসপাতালের বহির্বিভাগে বিকেল ৩ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত ডাক্তার থাকবেন। রোগীরা বিশেষ প্রয়োজনে বহির্বিভাগেও ডাক্তার দেখাতে পারবেন। হাসপাতাল সূত্রে খবর, আপাতত সান্ধ্যকালীন তিন বিভাগ- প্রসূতি, শিশু এবং মেডিসিন চালু করা হচ্ছে। মূলত এই তিন বিভাগে ব্যাপক রোগীর চাপ থাকে। আগামীতে বাকি বিভাগগুলিও খোলা হবে। এই পরিষেবা চালু হলে রোগী হয়রানি অনেকটাই কমবে বলে আশা হাসপাতাল কর্তৃপক্ষের।বৃহস্পতিবার হাসপাতাল সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ, ডেপুটি সুপার অরিন্দম রায়কে পাশে বসিয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস বলেন, স্বাস্থ্য দপ্তরের ডিরেক্টর অব হেলথের আধিকারিক স্বপন সরেনের নির্দেশে শুক্রবার থেকে বালুরঘাট জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগ চালু হচ্ছে। বিকেল ৩ টা থেকে ৬টা পর্যন্ত বহির্বিভাগ চালু থাকবে। আপাতত প্রসূতি, শিশু এবং মেডিসিন বিভাগ চালু থাকবে। আগামীতে আরও বিভাগ চালু হবে। হাসপাতাল সূত্রে খবর, প্রসূতি বিভাগে আপাতত ৯ জন ডাক্তার রয়েছেন। শিশু বিভাগে পাঁচজন। মেডিসিন বিভাগেও আটজন ডাক্তার রয়েছেন। জেলা হাসপাতালে ওই তিনটি বিভাগ দু’দিন করে পরিষেবা দেবে।শিশু বিভাগ খোলা থাকবে সোম ও বুধবার। মঙ্গল এবং শুক্রবার খোলা থাকবে মেডিসিন বিভাগ। বৃহস্পতি এবং শনিবার খোলা থাকবে প্রসূতি বিভাগ। জেলা হাসপাতালে সোম থেকে শনিবার পর্যন্ত বহির্বিভাগ খোলা থাকে। রোগী ভর্তির সংখ্যার তুলনায় প্রত্যেকদিন বহির্বিভাগেই বেশি ভিড় হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই হাসপাতালে চিকিৎসা করাতে আসেন। কিন্তু বহির্বিভাগ সকাল ন’টা থেকে দুপুর ২ টা পর্যন্ত খোলা থাকায় অনেকে ডাক্তার দেখাতে না পেরে ঘুরে যান। এবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বহির্বিভাগ চালু হওয়ায় সেই সমস্যা মিটবে।