আদ্রা ডিভিশনের একাধিক স্টেশনে এবার দাঁড়াবে বহু গুরুত্বপূর্ণ ট্রেন
বর্তমান | ০৬ ফেব্রুয়ারি ২০২৬
সংবাদদাতা, রঘুনাথপুর: দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে একাধিক এক্সপ্রেস ট্রেন বেশ কয়েকটি স্টেশনে স্টপেজ দেবে। তাতে পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুরের মতো জেলার যাত্রীরা উপকৃত হবেন। যারমধ্যে আসানসোল-দীঘা, টাটা-বক্সার, ভুবনেশ্বর-নিউ দিল্লির মতো গুরুত্বপূর্ণ একাধিক এক্সপ্রেস ট্রেন রয়েছে। চলতি ফেব্রুয়ারি মাস থেকে পরীক্ষামূলকভাবে ট্রেনগুলি নতুন স্টেশনগুলিতে স্টপেজ দেবে। বুধবার রেলের সদর দপ্তর গার্ডেনরিচ থেকে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে গুরুত্বপূর্ণ ট্রেনগুলি স্টপেজ দেওয়ার বিষয়ে জানানো হয়েছে। নতুন স্টপ দেওয়ায় দীঘা, পুরী থেকে যে কোন কাজে রাজধানী দিল্লি যেতে মানুষের অনেকটাই সহজ হবে। যদিও তৃণমূলের দাবি, এই ডিভিশনে মাঝেমধ্যেই একাধিক লোকাল ট্রেন বন্ধ থাকে। আদ্রা ডিভিশন ব্যর্থ বলে তারা অভিযোগ তুলেছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৩৫০৫/১৩৫০৬ আসানসোল-দীঘা এক্সপ্রেস ট্রেন বাঁকুড়া ও মেদিনীপুর জেলার বিভিন্ন স্টেশনে দাঁড় করানোর জন্য দীর্ঘদিন ধরে দাবি জানানো হয়েছিল। দীঘায় জগন্নাথ মন্দির তৈরির পর থেকে সেই দাবি আরও বেশি জোরদার হয়। রেলের বিভিন্ন সভায়ও দাবির বিষয়ে জানানো হয়েছিল। অবশেষে রেলদপ্তর যাত্রীদের দাবিকে মান্যতা দিয়েছে। ট্রেনটি আগামী ১৫ফেব্রুয়ারি থেকে বাঁকুড়ার ছাতনা, ওন্দাগ্রাম এবং মেদিনীপুরের চন্দ্রকোণা রোড, গড়বেতা, শালবনী স্টেশনে নতুন করে স্টপেজ দেবে। বর্তমানে ট্রেনটি প্রতি রবিবার চলাচল করে।১৮১৮৩/১৮১৮৪ টাটা-বক্সার দৈনিক এক্সপ্রেস ১০ফেব্রুয়ারি থেকে আনাড়া স্টেশনে স্টপেজ দেবে। তাতে পাড়া ব্লক সহ আশপাশের এলাকার মানুষজন উপকৃত হবেন। শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসার ক্ষেত্রে প্রচুর মানুষ উপকৃত হবেন। পাশাপাশি ২০৮১৭/২০৮১৮ নিউ দিল্লি-ভুবনেশ্বর তেজস রাজধানী এক্সপ্রেস আগামী ১৬ফেব্রুয়ারি থেকে পুরুলিয়া স্টেশনে স্টপেজ দেবে। ট্রেনটি এখানে স্টপেজ দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানানো হয়েছিল। এতে পুরুলিয়ার মানুষের একদিকে পুরী যেতে যেমন সুবিধা হবে, তেমনই সহজে রাজধানী শহরে পৌঁছাতে পারবেন।১৮৬০৩/১৮৬০৪ গোড্ডা-রাঁচি এক্সপ্রেস ১২ফেব্রুয়ারি থেকে পুরুলিয়ার ঝালদা স্টেশনে স্টপেজ দেবে। এর আগে ট্রেনটি পুরুলিয়া জেলায় কোথাও স্টপেজ ছিল না। এছাড়া ২৮১৮১/২৮১৮২ কাটিহার-টাটা এক্সপ্রেস নতুন করে জয়চণ্ডী পাহাড় স্টেশনে স্টপেজ দেবে। আগামী ১১ফেব্রুয়ারি থেকে নতুন স্টেশনে স্টপেজ দেবে।আদ্রা ডিভিশনের তরফে জানানো হয়েছে, যাত্রীদের কথা ভেবে নতুন করে কয়েকটি স্টেশনে স্টপেজ দেওয়া হচ্ছে। পরবর্তী নির্দেশিকা আসা পর্যন্ত নিয়মিতভাবে ট্রেনগুলি চলাচল করবে। বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা ইনচার্জ বিদ্যাসাগর চক্রবর্তী বলেন, রেল কর্তৃপক্ষ স্টেশনগুলির উন্নয়ন করছে। বিভিন্ন দূরপাল্লার গতিসম্পন্ন ট্রেন আসছে। রেল যাত্রী পরিষেবায় এগিয়ে চলেছে। তৃণমূলের জেলা সহ-সভাপতি হাজারি বাউরি বলেন, সাধারণ মানুষের ভরসা লোকাল ট্রেন প্রায়শই বন্ধ থাকে। যে কয়েকটি ট্রেন চলাচল করে তাও সময়মতো চলে না। আদ্রা ডিভিশন যাত্রী পরিষেবা দিতে ব্যর্থ।