মুণ্ডেশ্বরীর উপর হচ্ছে কুলিয়া সেতু, খুশি দ্বীপাঞ্চলের মানুষ
বর্তমান | ০৬ ফেব্রুয়ারি ২০২৬
সংবাদদাতা, উলুবেড়িয়া: বাম আমলে তিনবার আর এই আমলে একবার সেতুর শিলান্যাস হয়েছিল। আমরা তো ভেবেছিলাম, মুণ্ডেশ্বরীর উপর কুলিয়ায় সেতু আর তৈরিই হবে না। অবশেষে সেই ভাবনার অবসান হতে চলেছে। কুলিয়া সেতুর কাজ এখন জোরকদমে চলছে। এই সেতু চালু হয়ে গেলে আমতা ২ নম্বর ব্লকের দ্বীপাঞ্চলে বসবাসকারী মানুষের যাতায়াত আরও সুগম হবে।স্থানীয় মানুষের বক্তব্য, দ্বীপাঞ্চলের ভাটোরা, ঘোড়াবেড়িয়া, চিৎনান গ্রাম পঞ্চায়েতের ৫০ হাজার বাসিন্দার কাছে নদী পেরিয়ে ওপারে যাওয়ার একমাত্র পথ হল ৫৪০ ফুটের বাঁশের সেতু। বর্ষাকালে জলের তোড়ে বাঁশের সেতু ভেঙে গেলে বিপদের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় সাধারণ মানুষকে। বছর তিনেক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেতুর শিলান্যাস করার পর থেকেই আমরা আশায় বুক বাঁধতে শুরু করেছিলাম। এরপর রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায়ের হাত দিয়ে কাজের সূচনা হতেই আমরা বুঝতে পেরেছি, এবার সত্যিই কুলিয়া সেতু তৈরি হতে চলেছে। কুলিয়া সেতু নির্মাণের জন্য মূল উদ্যোগ নিয়েছিলেন আমতার বিধায়ক সুকান্ত পাল। বিধায়ক বলেন, দ্বীপাঞ্চলের মানুষের প্রধান এবং অন্যতম দাবি ছিল কুলিয়া সেতু। সেইমত তাঁদের চাহিদাকে প্রধান্য দিয়ে কুলিয়া সেতু নির্মাণকে পাখির চোখ করেছিলাম। এখন জোরকদমে সেতু নির্মাণের কাজ চলছে। এইজন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পূর্তমন্ত্রী পুলক রায়কে ধন্যবাদ জানান সুকান্তবাবু।১৭৮ মিটার লম্বা ও ১০ মিটার চওড়া কুলিয়া সেতু নির্মাণে ব্যয় হবে ৩৪ কোটি ৪৫ লক্ষ ৩০ হজার ৯৭২ টাকা। নদীর উপর সেতু নির্মাণ ছাড়াও ভাটোরার দিকে ২১৭ মিটার এবং বাকসির দিকে ২২৫ মিটার অ্যাপ্রোচ রোড তৈরি হচ্ছে। নিজস্ব চিত্র