• বাইক দুর্ঘটনায় মৃত্যু যুবকের, মৃতদেহ শনাক্ত করে বাড়ি ফিরে আত্মঘাতী মা
    বর্তমান | ০৬ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর : ছেলের মৃত্যু শোকে আত্মঘাতী হলেন মা। মর্মান্তিক ঘটনাটি  শ্যামনগরের। ঘর থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে মহিলা, তাঁদের বাড়িটিকে মন্দির তৈরির আবেদন জানিয়ে গিয়েছেন স্থানীয়দের কাছে। গোটা ঘটনায় শোকের ছায়া এলাকাজুড়ে।বুধবার রাতে কাজ সেরে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে বাড়ি ফিরছিলেন সুশোভন টিকাদার (৩০)। ওয়্যারলেস মোড়ের কাছে একটি স্করপিওর পিছনে ধাক্কা মারে তাঁর বাইক। তাতেই মৃত্যু হয় যুবকের। খবর পেয়ে বারাকপুরের বি এন বসু হাসপাতালে ছেলের দেহ শনাক্ত করে আসেন মা মঞ্জু টিকাদার (৫৮)। মৃত ছেলেকে দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। বাড়ি ফিরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন তিনিও। মর্মান্তিক ঘটনাটি শ্যামনগরের বাসুদেবপুরের।প্রতিবেশীদের দাবি, ছেলের মৃতদেহ শনাক্ত করে বাড়ি ফিরে আসার পর নিস্পৃহ ছিলেন মহিলা। তাই কেউ কিছুই বুঝতে পারেননি। বাড়ি ফিরে কিছুক্ষণ পর ঘরে ঢুকে দরজা দিয়ে দেন তিনি। সকালে যখন পড়শিরা বিষয়টি বুঝতে পারেন, ততক্ষণ সব শেষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুশোভন সেক্টর ফাইভে একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। তাঁর বাবার মৃত্যু হয়েছিল আগেই। মায়ের সঙ্গে তিনি একা থাকতেন। বুধবার বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কল্যাণী এক্সপ্রেসওয়েতে মোহনপুর থানার কাছে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় সুশোভনের। সেই খবর পেয়ে আত্মঘাতী হন মা। পুলিশ এসে দরজা ভেঙে মঞ্জু টিকাদারের ঝুলন্ত দেহ উদ্ধার করে। ওই ঘর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে বাসুদেবপুর থানার পুলিশ। বৃহস্পতিবার সকালে এই খবর জানাজানি হতেই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সুশোভনের এক দিদি অনীমা শর্মা জানালেন, আমার পিসি একমাত্র ছেলেকে খুব ভালোবাসতেন। দুর্ঘটনার খবর পেয়েই ছুটে গিয়েছিলেন হাসপাতালে। তারপর ছেলের মৃতদেহ দেখে বাড়ি ফিরেই আত্মহত্যা করেছেন। আমরা কেউ বুঝতেই পারিনি পিসি এমনটা করতে পারে।অন্যদিকে, মঞ্জুদেবীর বান্ধবী তথা প্রতিবেশী শোভা দাসের বক্তব্য, মঞ্জু ছেলের শোক সামলাতে না পেরেই আত্মঘাতী হয়েছে। উদ্ধার হওয়া সুইসাইড নোটে মহিলা লিখে গিয়েছেন, ‘আমি পোস্ট অফিসের বই এবং আলমারির চাবি সব রেখে গেলাম! তোমরা এই বাড়িতে একটা মন্দির গড়ে দিও।’ ঘটনার পর থেকেই এলাকাবাসীর ঢল নেমেছে সুশোভন এবং মঞ্জুদেবীর বাড়ির সামনে। প্রত্যেকেই এই মর্মান্তিক ঘটনায় শোকাতুর। ঘটনার তদন্ত শুরু করেছে বারাকপুর পুলিশ কমিশনারেট।
  • Link to this news (বর্তমান)