নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: নিউটাউনে ট্রাভেল এজেন্সি খুলে হজযাত্রীদের সঙ্গে প্রতারণার ঘটনায় অবশেষে গ্রেপ্তার মূল পান্ডা। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ মহাবুর মন্ডল। হজে নিয়ে যাওয়ার নাম করে প্রায় চারশো হজযাত্রীর কাছ থেকে ৫০ হাজার টাকা করে নিয়েছিল ওই ব্যক্তির এজেন্সি! কিন্তু, যাত্রা শুরুর আগেই অফিসে তালা ঝুলিয়ে চম্পট দিয়েছিলেন অভিযুক্ত মালিক। প্রায় ২ কোটি টাকা হাতিয়ে চলে গিয়েছিলেন বিদেশে। দেশে ফিরতেই হায়দরাবাদ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ট্রানজিট রিমান্ডে তাঁকে বিধাননগরে এনে তদন্ত শুরু হয়েছে। মোট কত কোটি টাকার প্রতারণা করেছেন তিনি, তা খতিয়ে দেখা হচ্ছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৫০ হাজার টাকায় হজে নিয়ে যাওয়া হবে বলে প্রচার করেছিলেন ধৃত ব্যক্তি। তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে ব্যাপক প্রচার চালান এবং একই সঙ্গে টাকা তুলতে শুরু করেন। প্রায় ৪০০ জন তাঁকে ৫০ হাজার টাকা করে জমা দেন। তাঁরা গত কয়েকমাস ধরে হজযাত্রার প্রস্তুতি নিয়েছিলেন। অনেক কষ্ট করে টাকা জমিয়েছিলেন। কিন্তু, যাত্রা শুরুর আগেই তাঁরা লক্ষ্য করেন, এজেন্সির মালিক উধাও। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিউটাউনে ওই এজেন্সি একটি অফিস খুলেছিল। হজযাত্রীরা সেখানে গিয়ে দেখেন, তালা ঝুলছে। এ ব্যাপারে গত ২১ নভেম্বর এক ব্যক্তি নিউটাউনের ইকোপার্ক থানায় একটি অভিযোগও দায়ের করেন। তিনি ওই এজেন্সিকে ৭৪ জন হজযাত্রীর জন্য ৩৭ লক্ষ টাকা দিয়েছিলেন।এক পুলিশ আধিকারিক বলেন, তদন্তে শুরু হওয়ার পর আমরা জানতে পারি অভিযুক্ত মহাবুর মণ্ডল কুয়েতে চলে গিয়ে গা ঢাকা দিয়েছেন। সমস্ত এয়ায়রপোর্টে নজর রাখা হচ্ছিল তিনি কখন দেশে ফিরবেন। তিনি কুয়েত থেকে হায়দরাবাদে ফিরতেই আমাদের টিম সেখানে পৌঁছে তাঁকে গ্রেপ্তার করে। বুধবার তাঁকে বিধাননগরে নিয়ে আসা হয়েছে। ধৃতকে জেরা করে পুরো চক্রের কিনারা করা হবে। তিনি বলেন, এখনও পর্যন্ত যা জানতে পেরেছি, তাতে প্রায় ২ কোটি টাকার প্রতারণা হয়েছে। তবে, এই সংখ্যাটা আরও বাড়তে পারে।