• 'ওর জন্য জেল খাটব', কিশোরকে বিয়ে করে শ্রীঘরে ঠাঁই তরুণীর!
    এই সময় | ০৬ ফেব্রুয়ারি ২০২৬
  • এই সময়, আলিপুরদুয়ার: এ যেন উলটপুরাণ। নাবালিকা বিয়ে আটকাতে যেখানে সরকার, পুলিশ-প্রশাসন, স্বেচ্ছাসেবী সংস্থা কাজ করে চলেছে, সেখানে এক নাবালকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে বিয়েও করে ফেললেন এক তরুণী! ঘটনা জানাজানি হতেই পুলিশ এসে ওই তরুণীকে গ্রেপ্তার করেছে। কিন্তু মেয়েটির সাফ কথা, 'ওর (নাবালক প্রেমিক) জন্য জেল খাটতে হলে খাটব। তবু সম্পর্ক ছিন্ন করব না।' পাত্রীর চেয়ে পাত্রের বয়স কম-এমন ঘটনা নতুন নয়।

    প্রিয়াঙ্কা চোপড়া, অঞ্জলি তেন্ডুলকরের মতো সেলিব্রিটিদের পাশাপাশি সাধারণ পরিবারেও বর্তমানে বয়সের 'ট্যাবু' ভেঙে যাচ্ছে। কিন্তু আলিপুরদুয়ারের ফালাকাটা থানা এলাকার এই ঘটনায় পাত্র শুধু বয়সে ছোট নয়, নাবালকও। ছেলেটির বয়স ১৭, মেয়েটির ১৯। বেশ কয়েক মাস ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক। বুধবার আচমকা ওই যুগলের বিয়ে করে 'সংসারী' হওয়ার সাধ জাগে। ব্যস, তার পরেই ওই নাবালক তার প্রেমিকাকে সিঁদুর পরিয়ে বিয়ে করেন।

    মেয়ের 'মুখের দিকে তাকিয়ে' বাবা নিজেই শ্বশুরবাড়িতে পৌঁছে দেন তরুণীকে। বেচাল বুঝে নাবালক পাত্রের পরিবারও বিষয়টি মেনে নিতে চেয়েছিলেন। সমস্ত বিষয়টি চুপিসাড়ে শেষ হলেও কয়েক জনের নজর এড়ায়নি। তাঁদের মধ্যেই কেউ চাইল্ড লাইনে ফোন করে নালিশ ঠুকে দেন। অভিযোগ পেয়ে নড়েচড়ে বসেন চাইল্ড লাইন কর্তৃপক্ষ। তাঁরা ফালাকাটা থানার পুলিশকে জানালে উর্দিধারীরাও প্রথমে হকচকিয়ে যান। এরপরে বৃহস্পতিবার সটান পাত্রের বাড়িতে হাজির হয়ে নাবালককে বিয়ে করার অভিযোগে গ্রেপ্তার করা হয় 'বিয়ে-পাগল' ওই তরুণীকে।

    ঘটনাটি চাউর হতেই জেলায় শোরগোল পড়ে গিয়েছে। কেউ কেউ বলেই দিচ্ছেন, 'ঘোর কলি কালে আর কী কী যে দেখতে হবে কে জানে বাপু!' এ দিকে নাবালককে ভালোবেসে বিয়ে করে পুলিশের হাতে ধরা পড়লেও আফসোস নেই ওই তরুণীর। তিনি বলেন, 'এই তো কয়েকটা মাস। আমার স্বামীর বিয়ের বয়স হয়ে গেলে আর তো কেউ আটকাতে পারবে না।' কাউন্সিলিংয়ের জন্য নাবালকের ঠাঁই হয়েছে হোমে। তরুণীর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। শুক্রবার তাঁকে আদালতে তোলা হবে। ফালাকাটা থানার আইসি প্রশান্ত বিশ্বাস বলেন, 'দীর্ঘ কর্মজীবনে এমন অভিজ্ঞতা হয়নি।'

  • Link to this news (এই সময়)