নয়াদিল্লি, ৬ ফ্রেব্রুয়ারি: ‘অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স।’ রাজধানী থেকে ক্রমবর্ধমান নিখোঁজের ঘটনায় মুখরক্ষায় এই কৌশল নিল দিল্লি পুলিশ। বিরোধীদের আক্রমণের মুখে পাল্টা আক্রমণে নামল তারা। শুক্রবার অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রকের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশের দাবি, এনিয়ে অপ্রচার করা হচ্ছে। উদ্দেশ্য সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানো। টাকার বিনিময়ে এই গুজব ছড়ানো হচ্ছে বলেও দাবি দিল্লি পুলিশের।একটি রিপোর্টে দাবি করা হয়েছিল, গত ১৫ দিনে দিল্লি থেকে মোট ৮০৭ জন নিখোঁজ হয়েছে। তাদের মধ্যে ৫০৯ জন মহিলা ও শিশু। ২৯৮ জন পুরুষ। এই ঘটনায় অমিত শাহর স্বরাষ্ট্রমন্ত্রকের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে সরব বিরোধীরা।জানা গিয়েছে, নিখোঁজদের মধ্যে ১৯১ জন অপ্রাপ্তবয়স্ক। এরমধ্যে ১৪৬ জন নাবালিকা। পুলিশ তদন্তে নেমে মাত্র ২৯ নাবালিকা ও ১৯ জন কিশোরের হদিশ পেয়েছে। বাকি সকলেই পুলিশের খাতায় এখনও নিখোঁজ। অন্যদিকে ৬১৬ জন নিখোঁজ প্রাপ্তবয়স্কের মধ্যে ৩৬৩ জন মহিলা এবং ২৫৩ জন পুরুষ। তাঁদের মধ্যে পুলিশ মাত্র ৯০ জন পুরুষ ও ৯১ জন মহিলার হদিশ পেয়েছে।