• ৩০ সপ্তাহের অন্তঃসত্ত্বাকে গর্ভপাতের অনুমতি কোর্টের
    বর্তমান | ০৭ ফেব্রুয়ারি ২০২৬
  • নয়াদিল্লি: গর্ভাবস্থায় ৩০ সপ্তাহ পেরিয়ে গিয়েছে। তাতেও মিলল গর্ভপাতের আইনি অনুমতি। শুক্রবার এমনই রায় দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি বি ভি নাগরত্নার বেঞ্চ। শীর্ষ আদালতের বিচারপতিদের পর্যবেক্ষণ, ইচ্ছার বিরুদ্ধে কোনও মহিলাকে গর্ভধারণে বাধ্য করা যাবে না।মামলাটি এক তরুণীকে ঘিরে। ১৭ বছর বয়সে বন্ধুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বর্তমানে তাঁর বয়স ১৮ বছর ৪ মাস। কিন্তু গর্ভপাত করাতে চাইলে বম্বে হাইকোর্ট তাঁকে অনুমতি দেয়নি। হাইকোর্টের বিচারপতিরা বলেন, সন্তানের জন্ম দিয়ে পরে শিশুটিকে দত্তক দিতে পারে তরুণী। তবে সুপ্রিম কোর্ট সেই রায় বাতিল করে দেয়। শীর্ষ আদালতের বেঞ্চ স্পষ্টভাবে জানিয়েছে, ‘আদালত বা রাষ্ট্র কোনও মহিলার উপর মাতৃত্ব চাপিয়ে দিতে পারে না। যদি তিনি নিজে সেই গর্ভধারণ বহন করতে না চান।’ বেঞ্চ আরও জানায়, দীর্ঘদিন ধরে অনিচ্ছাকৃত গর্ভধারণ চালিয়ে যাওয়ার ফলে তরুণীর মানসিক, শারীরিক ও সামাজিক জীবনে মারাত্মক প্রভাব পড়তে পারে। বিষয়টি কেবল আইনগত নয়, মানবিক দৃষ্টিকোণ থেকেও বিচার করা প্রয়োজন। এদিকে, মেডিকেল রিপোর্টে জানানো হয় যে এই পর্যায়ে গর্ভপাত করলে গুরুতর স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা নেই। এরপরই শীর্ষ আদালত গর্ভপাতের অনুমতি দেয়। তরুণীর লিখিত সম্মতি নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। উল্লেখ্য, দেশে প্রচলিত মেডিকেল টার্মিনেশন অব প্রেগন্যান্সি আইনে সাধারণত ২০ সপ্তাহ পর্যন্ত গর্ভপাতের অনুমতি রয়েছে। ২৪ সপ্তাহ পর্যন্ত বিশেষ ক্ষেত্রে মেডিকেল বোর্ডের অনুমোদন লাগে। তার পরবর্তী সময়ের জন্য আদালতের অনুমতি প্রয়োজন হয়। তবে এক্ষেত্রে ৩০ মাসের অন্তঃসত্ত্বাকেও গর্ভপাতের অনুমতি দিল সুপ্রিম কোর্ট।
  • Link to this news (বর্তমান)