দিল্লিতে গর্তে পড়ে মৃত্যু বাইক আরোহীর, কাঠগড়ায় জল বোর্ড
বর্তমান | ০৭ ফেব্রুয়ারি ২০২৬
নয়াদিল্লি: বড়ো গর্ত। সেই গর্তের ভিতরে পড়ে রয়েছে বাইক। পাশেই বাইকচালক যুবকের নিথর দেহ। তখনও মাথায় হেলমেট, গায়ে জ্যাকেট আর হাতে গ্লাভস। কাদায় মাখামাখি। বুধবার গভীর রাতে দিল্লির জনকপুরীর রাস্তায় জল বোর্ডের খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল বাইক আরোহীর। মৃতের নাম কমল (২৫)। জানা গিয়েছে, এলাকায় সরকারি কাজের জন্য রাস্তার মাঝে গর্ত খোঁড়া হয়েছিল। আর সেটাই মরণফাঁদ হয়ে দাঁড়াল। ফিরে এল নয়ডার ভয়াবহ স্মৃতি। গত জানুয়ারি মাসে নির্মাণকাজের জন্য খোঁড়া গর্তে গাড়ি নিয়ে পড়ে মৃত্যু হয়েছিল তথ্যপ্রযুক্তি কর্মী যুবরাজ মেহতার। ঘটনায় প্রোমোটারের গ্রেপ্তারির পাশাপাশি নয়ডা অথরিটির বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠে। প্রশাসনিক গাফিলতির প্রসঙ্গ টেনে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কন্যা জেলাশাসক মেধা রূপমকেও কাঠগড়ায় তোলা হয়েছিল। এনিয়েই দিল্লির বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী দল আম আদমি পার্টি। তাদের বক্তব্য, নয়ডার ঘটনা থেকে বিজেপি সরকার কিছুই শেখেনি। প্রতিদিন ওরা একের পর এক মিথ্যা কথা বলে চলেছে। জানা গিয়েছে, কমল একটি বেসরকারি ব্যাঙ্কের রোহিনী শাখার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন। বুধবার রাতে বাইকে বাড়ি ফিরছিলেন তিনি। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন জনকপুরীর বিধায়ক তথা দিল্লির নগরোন্নয়ন মন্ত্রী আশিস সুদ। প্রশ্ন উঠছে, গর্ত খোঁড়ার পর প্রশাসনের তরফে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা কি ছিল? আপ নেতা সৌরভ ভরদ্বাজের বক্তব্য, এক নিরীহ বাইক আরোহী রাস্তার গর্তে পড়ে মারা গেলেন। নয়ডার ঘটনা থেকে দিল্লির বিজেপি সরকার কিছুই শিখল না।