• কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও উত্তরবঙ্গে হবে একাধিক স্মার্ট সিটি: গৌতম, বাজেট নিয়ে আলোচনা সভা, সবুজ লাড্ডু বিলি
    বর্তমান | ০৭ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: কেন্দ্রের অর্থনৈতিক অবরোধ। সীমাহীন অসহযোগিতা। তা সত্ত্বেও শিলিগুড়ি সহ উত্তরবঙ্গে হবে একাধিক ‘স্মার্টসিটি’। শুক্রবার রাজ্য সরকারের বাজেট নিয়ে আলোচনা সভার পর একথা বলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। একইসঙ্গে তিনি বলেন, গোটা দেশকে পথ দেখাচ্ছে বাংলা। যার নেতৃত্বে বাংলার ‘বাঘিনি’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর তৈরি কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার সহ অনেক প্রকল্প মডেল করছে অন্য রাজ্য। এদিকে, লাড্ডু বিলি অব্যাহত। মুখ্যমন্ত্রীর জনমুখী বাজেট নিয়ে এদিন শহরের সফদর হাসমিচকে সবুজ লাড্ডু বিলি করে তৃণমূল কংগ্রেস। সেইসঙ্গে তারা এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর লড়াইয়ের কথা পথচারীদের সামনে তুলে ধরে। ভোটের মুখে এনিয়ে স্থানীয় রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে।কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অর্থনৈতিক বঞ্চনার অভিযোগ বহুদিনের। ১০০ দিনের কাজ, আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্পে বরাদ্দ প্রদান বন্ধ করেছে কেন্দ্র। এমনকী, কেন্দ্রীয় বাজেটে উত্তরবঙ্গ সহ গোটা বাংলাকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ। এদিন শিলিগুড়িতে দলীয় কার্যালয় বিধান ভবনে রাজ্য সরকারের বাজেট নিয়ে আলোচনা সভায় কেন্দ্রের বিরুদ্ধে সরব হন মেয়র। বলেন, আদালত নির্দেশ দেওয়ার পরও কেন্দ্রের বিজেপি সরকার ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে। আবাস যোজনার টাকা বরাদ্দ করা হচ্ছে না। কেন্দ্র ও রাজ্য অংশীদারি প্রকল্পেও কেন্দ্রের সহযোগিতা অমিল। জিএসটি আদায়ের পরও সহায়তা মিলছে না।এত প্রতিবন্ধকতা থাকার পরেও নিজস্ব আয় বাড়িয়েছে রাজ্য সরকার। তা দিয়েই জনমুখী বাজেট তৈরি করেছে। যুবক, যুবতী, গৃহবধূ, কৃষক, শ্রমিক থেকে সর্বস্তরের মানুষের জন্য রয়েছে ৯৪টি সামাজিক প্রকল্প। সেইসঙ্গে শিলিগুড়ি, জলপাইগুড়ি ও গঙ্গারামপুরকে স্মার্টসিটি তৈরির কথা ঘোষণা করেছে। এজন্য একটি কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট কমিটি সমীক্ষা করে ডিসেম্বর মাসের মধ্যে রাজ্যের কাছে রিপোর্ট দেবে। একইসঙ্গে মেয়র বলেন, বিগত বামফ্রন্ট সরকারের ঋণ মিটিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তিনিই এখন গোটা দেশকে পথ দেখাচ্ছেন।এদিনের সভায় মেয়র ছাড়াও দলের দার্জিলিং জেলার চেয়ারম্যান (সমতল) সঞ্জয় টিবরেওয়াল, দলের কোর কমিটির নেত্রী পাপিয়া ঘোষ, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, দলের পার্বত্য সংগঠনের জেলা সভানেত্রী শান্তা ছেত্রী প্রমুখ ছিলেন।  এদিকে, বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোয় বৃহস্পতিবার লাড্ডু বিলি করে মহিলা তৃণমূল। হাসমিচকে দলের জেলা কমিটির সবুজ লাড্ডু বিলি করে। দলের দার্জিলিং জেলা চেয়ারম্যান (সমতল) বলেন, এসআইআর ইস্যুতে মুখ্যমন্ত্রীর লড়াই ও জনমুখী বাজেটের জন্যই ২৫শো সবুজ লাড্ডু বিলি করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)