• সোনামুখীতে ২২টি হাতির আক্রমণে আলুর দফারফা
    বর্তমান | ০৭ ফেব্রুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, বিষ্ণুপুর: এ যেন পাকা ধানে মই! শুক্রবার ভোরে সোনামুখীর পাঁচাল এলাকায় ২২টি হাতি আলুর খেতের দফারফা করে ছাড়ে। বনদপ্তর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে স্থানীয় জঙ্গল থেকে ২২টি হাতি খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে। পাঁচাল ও স্থানীয় সেনেরবাঁধ এলাকায় বেশ কয়েক বিঘা পাকা আলু পায়ে মাড়িয়ে দেয়। সকালে চাষিরা মাঠে গিয়ে দেখেন হাতিতে আলু গাছ মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। জমিতে আলু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। চাষিরা তা কুড়িয়ে বাড়ি নিয়ে যান। তাঁদের দাবি, সব মিলিয়ে লক্ষাধিক টাকার আলু নষ্ট হয়েছে। বনদপ্তরের রাধানগর রেঞ্জের এক আধিকারিক বলেন, পাঁচাল এলাকায় ২২টি হাতি আলুর ক্ষয়ক্ষতি করেছে। বনকর্মীরা এলাকায় গিয়েছেন। সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।হাতি সমস্যার সংগ্রামী গণমঞ্চের সম্পাদক শুভ্রাংশু মুখোপাধ্যায় বলেন, দু’মাসেরও বেশি সময় ধরে এলাকায় বুনো হাতির হানায় চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। কিছুদিন আগে বেশ কয়েকটি বাড়ি ভেঙে দিয়েছে। এলাকা থেকে হাতি তাড়ানো এবং দ্রুত ক্ষতিপূরণের দাবিতে আমরা বনদপ্তরে ইতিমধ্যে ডেপুটেশন দিয়েছি। শুক্রবার ভোরে হাতিতে পাঁচাল এলাকায় পাকা আলু নষ্ট করেছে। বনদপ্তরের কাছে একই দাবি জানানো হবে। বনদপ্তর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়া উত্তর ডিভিশন এলাকায় বর্তমানে ৩৩টি হাতি রয়েছে। তার মধ্যে ২২টি হাতির একটি দল শুক্রবার ভোরে রাধানগর রেঞ্জের পাঁচাল ও সেনের বাঁধ এলাকায় হানা দেয়। সেনেরবাঁধ গ্রামের বাসিন্দা নির্মল মণ্ডলের প্রায় একবিঘা জমির আলু হাতিতে নষ্ট করেছে। পাঁচাল গ্রামের বাসিন্দা হরিসাধন পালের দু’বিঘা, সদানন্দ পালের দু’বিঘা জমির আলু মাটিতে মিশিয়ে দিয়েছে বলে অভিযোগ। হাতির দলটি বর্তমানে সুখসায়েরের জঙ্গলে আশ্রয় নিয়েছে।সেনেরবাঁধ গ্রামের বাসিন্দা নির্মলবাবু বলেন, এদিন ভোরে ২২টি হাতি গ্রামে ঢুকে পড়ে। খবর পেলেও অন্ধকারে হাতির কাছে ঘেঁষতে পারিনি। সূর্যের আলো ফোটার পর জমিতে গিয়ে দেখি আমার প্রায় এক বিঘা জমির আলু খেয়ে এবং পায়ে করে পিষে নষ্ট করে দিয়েছে। প্রায় ৪০হাজার টাকার ক্ষতি হয়েছে। ধারদেনা করে আলু চাষ করেছিলাম। এবার কীভাবে তা শোধ করব বুঝতে পারছি না। পাঁচালের বাসিন্দা হরিসাধন পাল বলেন, আমার প্রায় দু’বিঘা জমির আলু হাতিতে নষ্ট করেছে। আর কয়েকদিনের মধ্যে আলু তুলে বিক্রি করতাম। কিন্তু, তার আগেই সব শেষ করে দিয়েছে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)