মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে, শেষের ১০ মিনিট আগে ধরলেন শিক্ষিকারা, বাজেয়াপ্ত
বর্তমান | ০৭ ফেব্রুয়ারি ২০২৬
সংবাদদাতা, কাটোয়া: শুক্রবার কাটোয়ায় মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা দিতে মোবাইল নিয়ে ঢুকেছিল এক পরীক্ষার্থী। কাটোয়া ডিডিসি গার্লস স্কুলে শেষ মুহূর্তে ওই পড়ুয়ার পকেট থেকে উদ্ধার হয় মোবাইল। খবর দেওয়া হয় মধ্যশিক্ষা পর্ষদে। বিকেলে বোর্ডের প্রতিনিধিরা এসে মোবাইলটি বাজেয়াপ্ত করেন। পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়ে। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। কাটোয়া ডিডিসি গার্লস স্কুলের টিচার-ইন-চার্জ অমৃতা চট্টোপাধ্যায় বলেন, পরীক্ষা শেষ হওয়ার দশ মিনিট আগে আমরা দেখতে পাই ওই পড়ুয়া পকেটে মোবাইল নিয়ে এসেছে। আমরা বোর্ডকে সব জানাই। বোর্ডের প্রতিনিধিদের হাতে মোবাইলটি তুলে দিই। পাশাপাশি কাটোয়া থানায়ও জানিয়েছি।মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে মধ্যশিক্ষা পর্ষদ থেকে বার বার সতর্ক করে দেওয়া হয়েছিল। প্রতিটি স্কুলেও জানিয়ে দেওয়া হয়েছিল, মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না। জানা গিয়েছে, ওই পরীক্ষার্থী কাটোয়া ভারতী ভবন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের পড়ুয়া। মাধ্যমিকে তার সিট পড়েছিল কাটোয়া ডিডিসি গার্লস স্কুলে। ওই পরীক্ষার্থীর বাড়ি কাটোয়ার সুদপুর গ্রামে। তার বাবা হায়দরাবাদে মিষ্টির দোকানে কাজ করেন। এদিন ওই পড়ুয়া বলে, আমি ভুল করে মোবাইলটি নিয়ে এসেছিলাম। তবে আমি তা বের করিনি। পকেটেই ছিল।কাটোয়া মহকুমায় এবছর মোট ১১ হাজার ১৪০ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। মহকুমায় মোট ২৪টি কেন্দ্র রয়েছে। তারমধ্যে মেন ভেনু ১০টি। প্রশ্ন উঠছে, পরীক্ষা শুরুর আগে চেকিংয়ের সময়ে কেন ধরা পড়ল না যে একজন পরীক্ষার্থী মোবাইল নিয়ে ঢুকছে। স্কুলের তরফে বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্রে মোট ৪০৩ জন পরীক্ষা দিচ্ছিল। সবাইকে চেকিং করেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে। কোনও কারণে হয়তো প্রথম দিকে পড়ুয়ার কাছে মোবাইল রয়েছে সেটা ধরা পড়েনি। এদিকে মধ্যশিক্ষা পর্ষদের প্রতিনিধি টিমের সদস্য সঞ্জয় সাহা বলেন, আমরা মোবাইলটি উদ্ধার করেছি। মোবাইলটির ফরেনসিক পরীক্ষা করা হবে। তবে আগামী দিনে ওই পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারবে কি না, সেই সিদ্ধান্ত বোর্ড নেবে। -নিজস্ব চিত্র