আরজিকর: আখতার আলির নামে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা
বর্তমান | ০৭ ফেব্রুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর আর্থিক দুর্নীতির মামলায় শুক্রবারও কোর্টে গরহাজির ছিলেন আখতার আলি। আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালত এতে চরম উষ্মা প্রকাশ করে। অভিযুক্ত প্রাক্তন ডেপুটি সুপারের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এই নির্দেশ কার্যকর করতেই বলা হয়েছে সিবিআইকে। চলতি সপ্তাহেই আখতার আলির আগাম জামিনের আরজি নাকচ করে হাইকোর্ট। তারপরই এদিন আলিপুর আদালতে এই মামলার শুনানিতে গরহাজির তিনি। এতে উষ্মা প্রকাশসহ তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক। যদিও আখতার আলির আইনজীবী জানান, তাঁর মক্কেল অসুস্থ এবং তিনি হাসপাতালে ভরতি রয়েছেন। তাই তিনি হাজিরা দিতে পারছেন না। তবে সিবিআইয়ের অভিযোগ, আখতার আলি অসুস্থতার দোয়াই দিয়েই কোর্টে গরহাজির! উভয় পক্ষের বক্তব্য শোনার পরই বিচারক ওই পরোয়ানা জারির নির্দেশ দেন।আদালত সূত্রের খবর, আর জি কর দুর্নীতি মামলায় কিছুদিন আগে আখতার আলিসহ দুজনের বিরুদ্ধে আলিপুরে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে সিবিআই। এরপরই এক অভিযুক্ত ওই আদালতে গিয়ে জামিন নেন। অন্যদিকে, আখতার আলি আগাম জামিনের আরজি জানান হাইকোর্টে। সেখানে তা নাকচ হয়। কিন্তু তারপরেও এদিন আলিপুরের সিবিআই কোর্টে আখতার গরহাজির ছিলেন! এদিকে, আর জি কর দুর্নীতি মামলায় শুক্রবার কলকাতার বিচারভবনে এই প্রথম ইডি চার্জশিট দিল। চার্জশিট দেওয়া হয় ওই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষসহ তিনজনের বিরুদ্ধে। বাকিরা হলেন বিপ্লব সিংহ ও সুমন হাজরা। দুর্নীতি বিষয়ে নানা অভিযোগ তুলে ইডি তদন্তের দাবি জানিয়েছিলেন তৎকালীন ডেপুটি সুপার আখতার আলি। তার ভিত্তিতে সিবিআইয়ের পাশাপাশি ইডি-ও তদন্ত শুরু করে। এরপরই সিবিআই গ্রেপ্তার করে সন্দীপ ঘোষ এবং অন্য একাধিক অভিযুক্তকে।