মুম্বইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালের সঙ্গে যৌথ উদ্যোগে এসএসকেএমে কর্কট রোগের চিকিৎসা কেন্দ্র তৈরি হচ্ছে। চলতি বছরের এপ্রিল থেকে ওই নতুন ক্যানসার হাবে বহির্বিভাগ চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। তাতে প্রাথমিক পর্যায়ে রেডিয়োথেরাপি, মেডিক্যাল-অঙ্কোলজি, সার্জিকাল অঙ্কোলজির পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে বলে খবর।
বিশ্ব কর্কট রোগ দিবসের অঙ্গ হিসেবে শুক্রবার এসএসকেএমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে মঞ্চে ওই হাসপাতালে চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে ওঠা শিশু, বয়স্কেরা নিজেদের অভিজ্ঞতার কথা শোনালেন। স্ত্রী জরায়ুমুখের এবং স্বামী পায়ুদ্বারের কর্কট রোগে আক্রান্ত হয়েছিলেন। রোগ জয় করে এখন তাঁরা আঠারো বছর ধরে জীবন কাটাচ্ছেন বলে দাবি করলেন ওইঅশীতিপর দম্পতি। আবার রোগ জয় করা শিশুরা নিজেদের মতো করে কবিতা, গান, নৃত্য উপস্থাপন করল। কর্কট রোগের সচেতনতা ও প্রতিরোধ এবং আধুনিক চিকিৎসার বিষয়ে ছিল আলোচনাও।এসএসকেএমের ক্যানসার হাবের চেয়ারম্যান, চিকিৎসক অলোক ঘোষদস্তিদার জানান, নতুন কেন্দ্রে একই ছাতার তলায় রেডিয়োথেরাপি, কেমোথেরাপি, মেডিক্যাল ও সার্জিকাল অঙ্কোলজি, অঙ্কো-প্যাথলজি, ডে-কেয়ার, প্যালিয়েটিভ কেয়ার মেডিসিনপরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যেই ১০০ কোটি টাকার বেশি খরচ করে আধুনিক যন্ত্রপাতি ওই কেন্দ্রে আনা হয়েছে।