ক্রিকেট বা ফুটবল নয়, গতানুগতিকতার বাইরে গিয়ে দেশের মাটিতে বাংলার মুখ উজ্জ্বল করেছেন রাজা দাস। জানুয়ারি মাসে দিউতে আয়োজিত খেলো ইন্ডিয়া বিচ গেমে পেনচ্যাক সিলাটে সোনা জিতেছিলেন তিনি। অপরিচিত এই খেলা এ বার ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে বাংলায়। এ বার জাতীয় পদকজয়ীদের বিশেষ সংবর্ধনা দেওয়া হলো পেনচ্যাক সিলাট স্পোর্টস বেঙ্গলের (PSSB) পক্ষ থেকে। ৬ ফেব্রুয়ারি ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্টস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে ছয় থেকে ৩৫ বছর বয়সি মোট ২৬ জন জাতীয় পদকজয়ীকে সম্মানিত করা হয়। এঁদের মধ্যে ছিলেন রাজা দাসও।
পেনচ্যাক সিলাট স্পোর্টস বেঙ্গলের পক্ষ থেকে ক্রীড়াবিদদের স্মারক টি-শার্ট এবং আর্থিক পুরস্কার দেওয়া হয়। স্বর্ণপদকজয়ীদের জন্য ১০০০ টাকা, রুপোজয়ীদের জন্য ৭০০ টাকা এবং ব্রোঞ্জপদকজয়ীদের জন্য ছিল ৫০০ টাকা করে আর্থিক পুরস্কার। দেশের হয়ে ধারাবাহিক সাফল্যের জন্য রাজা দাসের জন্য ছিল বিশেষ পুরস্কার। নগদ ১৫ হাজার টাকা, একটি স্মারক এবং অন্যান্য উপহারে সম্মানিত করা হয় তাঁকে। কোচ অঙ্কিত আগরওয়াল ও মুকেশ শর্মাকেও বিশেষ উপহার দেওয়া হয়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন অলিম্পিয়ান গুরবক্স সিং। রাজা দাসের হাতে পুরস্কার তুলে দেন তিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত শান্তি মাল্লিক। এ ছাড়াও উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তি। তাঁদের মধ্যে ছিলেন দমন ও দিউ অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং ভারতীয় পেনচ্যাক সিলাট ফেডারেশনের সহ-সভাপতি আলেকজ়ান্ডার থমাস।
PSSB-র কর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি বিশ্বরূপ দে। পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের যুগ্মসচিব সমর্পিতা রায় চৌধুরী এবং বিশিষ্ট ভারতীয় সাঁতারু অসীম কুমার বন্দ্যোপাধ্যায়ও ছিলেন অনুষ্ঠানে।