• আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির ফলে ভারতের কৃষক, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের কোনও ক্ষতি হবে না, আশ্বাস পীযূষ গোয়েলের
    বর্তমান | ০৭ ফেব্রুয়ারি ২০২৬
  • নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি:  আমেরিকার সঙ্গে ভারতের অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির ফলে এদেশের কৃষক ও ডেয়ারির সঙ্গে যুক্ত শ্রমিকদের কোনও ক্ষতি হবে না। এমনকি গ্রামীণ সেক্টরে কাজে কোনও সমস্যা হবে না বলেই আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। ভারতের সঙ্গে আমেরিকা অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি করেছে। কিন্তু পুরো বিষয়টি এখনও ধোঁয়াশা রয়েছে। সেই ধোঁয়াশা কাটাতেই আজ, শনিবার সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ভারতের স্পর্শকাতর খাদ্য পণ্যগুলির কোনও ক্ষতি হবে না, সেইভাবেই বাণিজ্য চুক্তি করা হয়েছে। এবার থেকে আমেরিকার বাজারে ভারতীয় পণ্য আরও বেশি করে পৌঁছোবে। লাভবান হবেন, তথ্য প্রযুক্তি, উৎপাদনকারী ও শ্রমিক নির্ভর সেক্টরের সঙ্গে যুক্তরা। আমেরিকা থেকে আমদানি করা পণ্যের উপর কোনও ছাড় দেওয়া হয়নি। কিছু কিছু মার্কিন পণ্যের জন্য বাজার খুলেছে ভারত। যার মধ্যে রয়েছে, স্পিরিট, ওয়াইন, বাদামজাতীয় শস্য।আত্মনির্ভর প্রোডাক্টগুলিকে চুক্তির বাইরে রাখা হয়েছে। ভারত থেকে আমেরিকার বাজারে ৩০ট্রিলিয়ন ডলারের পণ্য আগামী এক বছরে বিক্রি হবে, বলে দাবি পীযূষ গোয়েলের। তবে মার্চ মাসের মাঝামাঝিতে চূড়ান্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর হবে ভারত ও আমেরিকার মধ্যে। ভারত থেকে মার্কিন বাজারে বিনা শুল্কে রপ্তানি করা হবে, কলা, আম, পিয়ারা, কিউই, পেঁপে, আনারস, মাশরুম, দানা জাতীয় শস্য, বার্লি, বেকারি দ্রব্য, কোকোয়া জাতীয় দ্রব্য। এমনটাই সাংবাদিক বৈঠকে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বারবার আশ্বস্ত করেছেন, আমেরিকার সঙ্গে এই চুক্তির ফলে, ভারতের কৃষক, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, তাঁত শিল্পে কোনও ক্ষতি হবে না। ভারত থেকে আমেরিকায় রপ্তানি করা স্মার্টফোনের উপর থেকেও ভবিষ্যতে শুল্ক শূন্য করবে ট্রাম্প প্রশাসন। এমনকি এয়ারক্রাফ্টের সামগ্রী, ঘড়ি, অপরিহার্য তেল, ঘর সাজানোর সামগ্রীর উপরে থাকা পারস্পরিক শুল্ক শূন্যে কমিয়ে আনা হবে, বলেও জানিয়েছেন পীযূষ গোয়েল। ভারতও মার্কিন মুলুক থেকে আমদানি করা হুইস্কি, রাম, জিন সহ বেশ কিছু স্পিরিটে থাকা ১৫০ শতাংশ শুল্ক কমিয়ে ৩০-৪০-এ নামিয়ে এনেছে। রাশিয়ার তেল কেনা কমিয়েছে ভারত, আগামী দিনে আরও কমিয়ে দেবে সেটা। এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সেই কারণেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার একটি নির্দেশিনামায় সই করেছেন, যাতে করে ভারতের উপর লাগু থাকা অতিরিক্ত ২০ শতাংশ শুল্ক তুলে নেওয়া হয়েছে।   
  • Link to this news (বর্তমান)