আকসাই চীন-পাক অধিকৃত কাশ্মীরও ভারতের, মানচিত্র প্রকাশ আমেরিকার
বর্তমান | ০৮ ফেব্রুয়ারি ২০২৬
নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। পাকিস্তানের যাবতীয় দাবি উড়িয়ে নিজেদের অবস্থান কার্যত স্পষ্ট করে দিল আমেরিকা। ওয়াশিংটনের সঙ্গে অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে ভারত। এরপরই আমেরিকার ‘ট্রেড রিপ্রেজেন্টিটিভস অফিস’ একটি ভারতের মানচিত্র প্রকাশ করে। মার্কিন পণ্যে ভারতের শুল্ক হ্রাসের বিষয়টি ওই মানচিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়। সেখানেই দেখা যাচ্ছে, জম্মু ও কাশ্মীরের সঙ্গে পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ হিসাবে দেখানো হয়েছে।
এছাড়া ‘আকসাই চীন’-কেও বেজিং নিজের অংশ বলে দাবি করে। সেটিও ওই মানচিত্রে ভারতের অংশ বলে দেখানো হয়েছে। ভারত বরাবরই দাবি করেছে, পাক অধিকৃত কাশ্মীর ভারতেরই অঙ্গ। অন্য কোনো দেশের ওই ভূখণ্ডের উপর দাবির কোনো ভিত্তি নেই। এবার আমেরিকাও এব্যাপারে পাকিস্তানের ভিত্তিহীন দাবি উড়িয়ে ভারতের বক্তব্যকেই স্বীকৃতি দিল। অপারেশন সিন্দুরে ভারতের হাতে পর্যদুস্ত হওয়ার পরই আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে উদ্যোগী হয় ইসলামাবাদ। ওয়াশিংটনে গিয়ে একাধিকবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও পাক সেনাপ্রধান আসিম মুনির। ট্রাম্প যাতে অধিকৃত কাশ্মীরকে পাকিস্তানের অংশ বলে ঘোষণা করে দেন, তা নিয়ে তদ্বির করতেই দু’জন বারবার আমেরিকায় গিয়েছেন মনে দাবি রাজনৈতিক মহলের। দিন কয়েক আগে ‘কাশ্মীর সংহতি দিবস’ পালনের অছিলায় পাক প্রধানমন্ত্রী দাবি করেছিলেন, পুরো কাশ্মীর পাকিস্তানেরই অংশ হবে। লস্কর-ই-তোইবার শীর্ষ কমান্ডার সইদ আব্দুল রহমান নকভিও হুঁশিয়ারি দেয়, কাশ্মীরকে ‘স্বাধীন’ করে ছাড়ব। তবে, কোনো কিছুই আর কাজে লাগল না। বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানকে নিয়ে আমেরিকার আগ্রহ রয়েছে, কিন্তু তারা যে ভারতের বিকল্প হতে পারে না, তা বোঝে মার্কিন প্রশাসন। তাই বর্তমান পরিস্থিতিতে ভারতের রাজনৈতিক মানচিত্রকেই স্বীকৃতি দিল ওয়াশিংটন।