ভোপাল: পরীক্ষা দিতে যাওয়ার পথে অষ্টম শ্রেণির পড়ুয়াকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ ৪ যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্য মধ্যপ্রদেশের মৌগঞ্জ জেলায়। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাস্থল থেকে সংজ্ঞাহীন অবস্থায় ওই নাবালিকাকে উদ্ধার করে পরিবার। নাবালিকার অভিযোগের ভিত্তিতে বেটু জয়সওয়াল (২৪) ও রবিনন্দন সিং গৌড় (২২) নামে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পলাতক বাকি দুই অভিযুক্ত। অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনের ধারায় মামলা করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে পরীক্ষা দিতে এক সহপাঠীর সঙ্গে স্কুলে যাচ্ছিল ওই নাবালিকা। মাঝপথে অভিযুক্ত বেটু তাদের বাইকে করে পৌঁছে দেওয়ার কথা বলে। অভিযুক্তকে আগে থেকেই চিনত দুই ছাত্রী। কিছুটা দূরে গিয়ে এক ছাত্রীকে বাইক থেকে নামিয়ে অন্যজনকে একটি জঙ্গলে নিয়ে যায় বেটু। সেখানে জোর করে মদ্যপান করানো হয় ওই কিশোরীকে। অতিরিক্ত মদ্যপানের ফলে সংজ্ঞা হারিয়ে ফেলে নাবালিকা। তারপর বেটু ও তার তিন শাগরেদ মেয়েটিকে ধর্ষণ করে। এদিকে রাত হয়ে গেলেও মেয়ে বাড়ি না ফেরায় খোঁজ শুরু করে পরিবার। মেয়েটির সহপাঠীর সঙ্গে কথা বলার পর ঘটনাস্থলে নিয়ে ছাত্রীকে উদ্ধার করেন বাড়ির লোকজন। নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। পুলিশ জানিয়েছে, কিছুটা সুস্থ হওয়ার পর শুক্রবার সকালে থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতা। তার বয়ানের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।