বারাকপুরজুড়ে আগেই বাদ ৩ লক্ষ নাম, শুনানি কেন্দ্রের সামনে দীর্ঘ লাইন
বর্তমান | ০৮ ফেব্রুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর ও বারাসত: বারাকপুর মহকুমায় লজিক্যাল ডিসক্রিপেন্সি থাকায় শনিবার আরও প্রায় এক হাজার ভোটারকে শুনানিতে ডাকা হল। সব মিলিয়ে ডাকা হয়েছে আড়াই লক্ষ ভোটারকে। শনিবার শেষ দিন হওয়ায় বিভিন্ন শুনানি কেন্দ্রে লম্বা লাইন পড়ে। ফলে শুনানিতে হাজিরা দিতে আসা মানুষকে চরম হয়রানির মুখে পড়তে হয়। নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের বেশ কিছু ভোটারের শুনানি এখনও বাকি। যা হবে সোমবার।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বারাকপুর মহকুমায় নো-ম্যাপিংয়ের কারণে আগেই তিন লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছিল। সব থেকে নাম বেশি বাদ গিয়েছে দমদম বিধানসভা কেন্দ্রে। এই সংখ্যা ৩৪ হাজারের উপর। তারপরেই রয়েছে উত্তর দমদম, ৩২ হাজার। লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে শুনানিতে সব থেকে বেশি ডাক পেয়েছে ভাটপাড়া ও নোয়াপাড়া কেন্দ্রে। দু’টি কেন্দ্রেই অন্তত ২৫ হাজারের উপর ভোটারকে ডাকা হয়েছে। নৈহাটিতে শুনানি হয়েছে ২৩ হাজার ১৫২ জনের। জগদ্দলে শুনানি হয়েছে ২০ হাজার ৫৪৭ জনের। বিজপুরে ডাকা হয়েছিল ১৭ হাজার ২৩১ জনকে। খড়দহ ও কামারহাটি বিধানসভা কেন্দ্রে ২৩ হাজারের বেশি মানুষ হাজিরা দিয়েছেন শুনানি কেন্দ্রে। দমদমে এই সংখ্যা ১৬ হাজার ২৫৫। বরানগরে ১৪ হাজার ৩৬০ জন।
এসআইআরের শুনানিতে হাজিরা দিতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে দেগঙ্গার এক গৃহবধূর। মৃতার নাম সেরিনা খাতুন (৩৪)। তাঁর ছেলের পড়াশোনার দায়িত্ব নিয়েছে দেগঙ্গার তৃণমূল নেতৃত্ব।