• কলকাতা মেডিকেল কলেজে ‘র‍্যাগিং’, অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য
    বর্তমান | ০৮ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ‘র‍্যাগিং’য়ের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। কলেজের প্রথম বর্ষের এক পড়ুয়া ছাত্রের অভিযোগ কয়েকজন ইন্টার্ন এবং দ্বিতীয় ও তৃতীয় বর্ষের চিকিৎসক পড়ুয়ার বিরুদ্ধে। ১ ফেব্রুয়ারি এই ঘটনাটি ঘটে। কলেজের অ্যান্টি-র‍্যাগিং কমিটির কাছে অভিযোগও জমা পড়েছে। তবে পুলিসে অভিযোগ হয়নি। কলেজ কর্তৃপক্ষের দাবি, রাজনৈতিক মনোভাবাপন্ন ছাত্র-ছাত্রীদের কিছু গোষ্ঠী দৃষ্টি আকর্ষণের জন্য লাগাতার একে অন্যের বিরুদ্ধে অভিযোগ করছে।

    অন্যদিকে র‌্যাগিংয়ের গুরুতর অভিযোগে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দুই ছাত্রকে দু’বছরের জন্য সাসপেন্ড করল পুরুলিয়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। দ্রুত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তকে রাজ্যের মেডিকেল ছাত্র-ছাত্রী মহল স্বাগত জানিয়েছে। জানা গিয়েছে, ১ ফেব্রুয়ারি সেখানকার প্রথম বর্ষের এক ছাত্রকে দুই সিনিয়র পড়ুয়া ব্যাপক মারধর করে বলে অভিযোগ ওঠে। এরপর নিরাপত্তার দাবিতে সরব হয় প্রথম বর্ষের অন্যান্য ছাত্র-ছাত্রীরা। ফলে চাপ বাড়ে কর্তৃপক্ষের উপর। সেখানকার অ্যান্টি র‌্যাগিং কমিটি তদন্ত শেষ করে রিপোর্ট জমা দেয়। ব্যবস্থা নেওয়া হয় দুই অভিযুক্তের বিরুদ্ধে। দু’জন ছাত্র দু’বছরের জন্য যাবতীয় পঠনপাঠনে যুক্ত হতে পারবেন না। 

    পাশাপাশি পুরুলিয়া মেডিকেল কলেজে পাঠরত অবস্থায় তাঁরা কোনওদিন সেখানকার কোনও হস্টেলের ঘর পাবেন না। এখন হস্টেলের ঘর তাঁদের অবিলম্বে ছেড়ে দিতে বলা হয়েছে। 
  • Link to this news (বর্তমান)