'ভদ্র হয়ে যান, নইলে...', বীরভূমের মাটি থেকে কেষ্ট-কাজলকে হুঙ্কার শুভেন্দুর
আজ তক | ০৮ ফেব্রুয়ারি ২০২৬
বীরভূমের মাটিতে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল ও কাজল শেখের নাম করে হুঙ্কার দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার দুপুরে জেলা বিজেপির ডাকে আদিবাসী সম্মেলনে শুভেন্দু অধিকারী একাধিক বার অনুব্রত মণ্ডলের নাম নিয়ে আক্রমণ করেন। জেলা থেকে তৃণমূলকে হঠিয়ে বিজেপিকে সিট দিতে হবে বলেও জনতার কাছে আর্জি রাখেন শুভেন্দু।
অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে কী বলে আক্রমণ?
এদিন মঞ্চ থেকে হুঙ্কার দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, "পুলিস যদি সরে দাঁড়ায়, তাহলে এদের জনগণই সোজা করে দেবে। বন্ধু ভদ্র হয়ে যান। কেষ্ট-কাজলের বাহিনী একটু ভদ্র হয়ে যান, ভদ্র না হলে এপ্রিল মাসের পরে বদলও হবে, বদলাও হবে।"
পাশাপাশি অনুব্রত মণ্ডলের জেলে থাকা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি শুভেন্দু। রামপুরহাট পুরসভার চেয়ারম্যান সৌমেন ভকতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে শুভেন্দু বলেন, "রামপুরহাটের পুরসভার চেয়ারম্যান সৌমেন বাবু ব্যাগ গোছান, এপ্রিল মাস এসে গিয়েছে। আপনার নেতা কেষ্ট ঘুরে এসেছে, এবার আপনার পালা।"
পাশাপাশি এদিন দেউচা পাঁচামি নিয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু। বিরোধী দলনেতার প্রশ্ন, "দেউচা পাচামির কী হল মুখ্যমন্ত্রী? কোথায় গেল এক লক্ষ চাকরি? সাংসদ সামিরুল ইসলামের ২২ জন আত্মীয়ের চাকরি হয়েছে। বিজেপিকে আনুন। ৬ বছরের আদিবাসী কন্যাকে ধর্ষণ করে যারা খুন করেছে, সকালে জমা নিয়ে বিকেলে খরচ করে দেব।"
অন্যদিকে শুক্রবার রাজ্য বাজেট নিয়েও সরকারকে আক্রমণ করতে ছাড়েননি শুভেন্দু অধিকারী। রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ানো-সহ একাধিক নতুন ঘোষণা ঘিরে শুক্রবার ফের তীব্র কটাক্ষ করেছেন বিধানসভার বিরোধী দলনেতা। তাঁর দাবি, এগুলি আদতে কার্যকর হবে না। কারণ, বর্তমান বাজেটটি পূর্ণাঙ্গ বাজেট নয়, এটি ভোট অন অ্যাকাউন্ট। ফলে আদর্শ আচরণবিধি (কোড অব কন্ডাক্ট) লাগু থাকায় নতুন কোনও প্রকল্প বা ভাতা কার্যকর করা সম্ভব নয়।