• খানাকুলে তৃণমূল নেতার বাড়িতে দুষ্কৃতী হানায় আতঙ্ক, ঘটনার তদন্তে পুলিশ
    এই সময় | ০৯ ফেব্রুয়ারি ২০২৬
  • এই সময়, আরামবাগ: একই দিনে সন্ধ্যায় ও বিকেলে দু’টি আলাদা জায়গায় দুষ্কৃতী হামলায় আতঙ্ক ছড়াল খানাকুলে। প্রথম হামলাটি হয় তৃণমূল নেতার বাড়িতে। খানাকুলের চক্রপুর এলাকায় সেই নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে।

    জানা গিয়েছে, এ দিন সন্ধ্যায় তিনজন বাইক আরোহী দুষ্কৃতী খানাকুল-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বাদশা শাহের বাড়িতে হানা দেয়। দু’জন বাড়ির মধ্যে ঢুকে মিটার বক্স খুলতে শুরু করে। শব্দ পেয়ে বাদশার নাবালক ভাইপো সেখানে ছুটে যায়। হনুমান টুপি পরা ও মুখঢাকা অবস্থায় দু’জনকে দেখতে পেয়ে সে চিৎকার করতে থাকে। আশেপাশের বাড়ি থেকে লোকজন বেরিয়ে পড়েন। তখন ওই দুষ্কৃতীরা বাড়ি থেকে বেরিয়ে, বাইক নিয়ে চম্পট দেয়। খবর পেয়ে খানাকুল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক ভাবে তদন্ত শুরু করে। ঘটনার সময়ে আরামবাগে ছিলেন পঞ্চায়েত প্রধান বাদশা। তিনিও তড়িঘড়ি আরামবাগ থেকে বাড়িতে পৌঁছন। কে বা কারা, কী উদ্দেশ্যে হানা দিয়েছিল তিনিও বুঝতে পারছেন না। পুরো ঘটনার কথা জানিয়ে তিনি খানাকুল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বাদশা শাহ বলেন, ‘মিটার বক্স খুলে আগে ওরা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে অপকর্ম করতে চেয়েছিল। জানি না, ওদের কী উদ্দেশ্য ছিল। তবে আমার নাবালক ভাইপো সাহসিকতার কাজ করেছে। পুলিশকে বলেছি, দ্রুত সত্য সামনে আনতে।’

    অন্য এক ঘটনায় সরকারি কোয়ার্টারে দুঃসাহসিক চুরিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। শনিবার ঘটনাটি ঘটেছে খানাকুল‌-১ নম্বর ব্লক অফিস চত্বরে। জানা গিয়েছে, পলাশ বাগ খানাকুল-১ নম্বর ব্লকে কর্মরত। সেই কারণে তিনি ব্লকের পাশে সরকারি কোয়ার্টারে সপরিবার থাকেন। পলাশ জানান, এ দিন বিকেলে তাঁর স্ত্রী ও মেয়ে বাড়িতে ছিলেন না। তিনি বাড়িতে একাই ছিলেন। এক ঘর থেকে অন্য ঘরে গিয়ে দেখেন, তিন দুষ্কৃতী মুখে কাপড় জড়িয়ে আলমারি থেকে সোনার জিনিস বের করছে। তিনি তাদের বাধা দেন। ধরার চেষ্টা করেন। তখনই তাঁর সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় দুষ্কৃতীদের। এই ঘটনায় তিনি পায়ে আঘাত পান। তাঁকে মারধর করে ফেলে দিয়ে, জিনিসপত্র নিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয় বলে তাঁর দাবি। এই বিষয়ে তিনি খানাকুল থানায় অভিযোগ করেছেন।

  • Link to this news (এই সময়)