• মাধ্যমিকে টুকলিতে সাহায্য! শিক্ষককে সাসপেন্ড পর্ষদের
    আজকাল | ১০ ফেব্রুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে রাজ্যে। ছাত্রছাত্রীদের জীবনের প্রথম পরীক্ষা এটি। সেই আবহে এক অদ্ভুত খবর সামনে এল মালদহের মানিকচকে। মাধ্যমিক পরীক্ষার্থীকে উত্তর বলে দিয়ে সাহায্য করার অভিযোগ উঠল পরীক্ষাকেন্দ্রের যে স্কুলে পড়েছে সেই স্কুলের সহকারী শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত মহম্মদ সানোয়ার আলি পারভেজ নামক ওই শিক্ষককে সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ। মানিকচকের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

    জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মালদহের মানিকচকের মথুরাপুর বিএসএস হাইস্কুল। এই বিদ্যালয়ে সিট পড়েছে এনায়েতপুর ই এ হাই স্কুল, পশ্চিম নারায়নপুর হাই স্কুল, নুরপুর হাই স্কুলের। গত ৬ ফেব্রুয়ারি ইতিহাস পরীক্ষার দিন মথুরাপুর বিএসএস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পারভেজের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, তিনি নিজের রুম ছেড়ে অন্য রুমে গিয়ে পরীক্ষার্থীদের উত্তর বলে দিচ্ছিলেন। কার্যত টুকলিতে সাহায্য করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এই অভিযোগ উঠতেই মধ্যশিক্ষা পর্ষদের তরফে সাসপেন্ড করা হয়েছে ওই শিক্ষককে। যদিও অভিযুক্ত শিক্ষকের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

    বিজেপির মন্ডল সভাপতি সুভাষ যাদব জানান, বেশ কয়েক বছর ধরে দেখি পশ্চিমবঙ্গ শিক্ষা ব্যবস্থার বেহাল দশা হয়ে রয়েছে। পড়াশোনার প্রতি মানুষের ঘৃণা চলে এসেছে। তৃণমূল সরকার শিক্ষাকে তলানিতে নিয়ে গিয়েছে। এবারের মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীদের সাহায্য করে। বিজেপির অভিযোগ, মানিকচক ব্লকের তৃণমূলের সাধারণ সম্পাদক ওই শিক্ষক। তাই তিনি প্রভাব খাটিয়ে যে রুমে তাঁর ডিউটি ছিল সেখানে না থেকে অন্য রুমে গিয়ে ছাত্রছাত্রীদের নকল সাপ্লাই করেছেন। বিষয়টি প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকের নজরে আসে। মধ্যশিক্ষা পর্ষদ পরীক্ষা চলাকালীন তাঁকে সাসপেন্ড করেছে। এর থেকে প্রমাণিত তৃণমূল কংগ্রেসের লোকেরা যেখানেই থাকবেন সেখানে দলীয় ভাবে এই কাজ করবে। তাঁদের ধারণা যে, শিক্ষাব্যবস্থা আমার, আমি যা খুশি করতে পারি। এটা পশ্চিমবঙ্গের একটা বিরল ঘটনা। শিক্ষক স্কুলের ছাত্রদের নকল করিয়ে দিচ্ছে। এটা শিক্ষাক্ষেত্রে লজ্জার বিষয়। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। 

    মানিকচক ব্লকের তৃণমূলের সহ-সভাপতি ইমরান হোসেন বলেন, "বোর্ড কী বলেছে তা তদন্তসাপেক্ষ। কী হয়েছে ইন্টারনাল বিষয় তারা দেখবে। বিজেপির কোনও জ্ঞান বুদ্ধি নেই। উনি একজন সম্মানীয় শিক্ষক। স্কুলের অভ্যন্তরীণ বিষয়, স্কুল বুঝবে।"
  • Link to this news (আজকাল)