• কবিতা লিখলেন অভিষেক, এসআইআর নিয়ে বিজেপিকে বিঁধলেন কবিতায়
    দৈনিক স্টেটসম্যান | ১০ ফেব্রুয়ারি ২০২৬
  • ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে সাধারণ মানুষ যে ভাবে হেনস্থার শিকার হচ্ছেন, সেই বিষয়ে কবিতা লিখলেন তৃণমূলের সর্বভারতী সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর লেখা কবিতার ছত্রে ছত্রে উঠে এসেছে জনতার উপর এসআইআর-এ হেনস্থার কথা। কবিতার নাম ‘আমি অস্বীকার করি’।

    সোমবার নিজের সমাজমাধ্যমে ‘আমি অস্বীকার করি’ শীর্ষক কবিতাটি পোস্ট করেছেন অভিষেক। কবিতার ছত্রে ছত্রে রয়েছে বর্তমান রাষ্ট্র এবং তার শাসকদের বিরোধিতা। সাধারণত বাম বা অতিবাম লেখকদের লেখায় যে সব শব্দবন্ধ ধরা পড়ে, সেই সব শব্দই ধরা পড়েছে অভিষেকের কবিতায়।

    বামেরা এখনও রাষ্ট্রব্যবস্থাকে ‘শোষণ যন্ত্র’ হিসাবে তুলে ধরে। অভিষেকের কবিতাতেও বর্তমান রাষ্ট্রের বিরুদ্ধে সেই স্বর তীব্র হয়ে উঠেছে। এসআইআরের কারণে ১৫০ জনের মৃত্যু, অসংখ্য মানুষের হয়রানির শিকার হয়েছেন। অভিষেক নিজের কবিতার সে কথা উল্লেখ করার পাশাপাশি নিজেকে ‘সাক্ষী’ হিসেবে তুলে ধরেছেন।

    কবিতার শুরুর কয়েকটি লাইন হল – ‘আমি অস্বীকার করি – এই হঠকারিতা, এই তালিকার শাসন, এই ভয়ের রাজত্ব।/ আমি অস্বীকার করি – রাষ্ট্রের নামে রক্তের ঋণ, আমি অস্বীকার করি – রক্তের উপর কালির শাসন।’ কবিতার প্রতিটি শব্দে এসআইআর পরিস্থিতির ভয়াবহতা, যন্ত্রণা ফুটে উঠেছে। অভিষেকের কবিতায় উঠে এসেছে এসআইআর প্রক্রিয়ার মাঝে জনতার উপর চাপিয়ে দেওয়া নিয়মাবলির প্রতিবাদ।

    ইতিহাসের কথা মনে করিয়ে অভিষেক, তাঁর কবিতায় লিখেছেন, ‘আর ইতিহাস/ সে ক্ষমা করে না, সে তালিকা পড়ে না/ইতিহাস মনে রাখে কে রুখেছিল, কে লড়াই করেছিল/কে দাঁড়িয়েছিল, কে আগুন জ্বালিয়েছিল! যে মানুষকে তুচ্ছ করে ইতিহাস তাকে কখনো ক্ষমা করে না।’

    কবিতায় যে ভাবে এসআইআর-এর কথা উঠে এসেছে তাতে স্পষ্ট, পথে-প্রতিবাদে কিংবা কলমে সব ক্ষেত্রেই বিরোধিতায় সুর চড়াচ্ছে তৃণমূল। এর আগে মুখ্যমন্ত্রীও এসআইআরের প্রতিবাদে ২৬টি কবিতা লিখেছেন। এবার এসআইআর-এর বিরোধিতা করে কলম ধরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

    অভিষেক তাঁর কবিতায় যে ধরনের শব্দবন্ধ প্রয়োগ করেছেন তা কি আসলে বিজেপি বিরোধী বাম মনস্ক জনতাকে বার্তা দেওয়া, এ নিয়ে এখন প্রশ্ন তুলছেন ওয়াকিবহাল মহল।

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)